চট্টগ্রামে ২ ব্যাংক কর্মকর্তাসহ ৩ জনের সাজা
চট্টগ্রামে রূপালী ব্যাংকের অর্থ আত্মসাতের অভিযোগে ২১ বছর আগে দুদকের করা মামলায় দুই ব্যাংক কর্মকর্তাসহ তিন জনকে তিন বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত।
বৃহস্পতিবার চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মীর রুহুল আমিন এ রায় দেন।
দণ্ডিতরা হলেন- রূপালী ব্যাংক খাতুনগঞ্জ আমির মার্কেট শাখার সেসময়ের ব্যবস্থাপক এ কে এম লুতফুল করিম, হিসাবরক্ষক আবু কায়সার চৌধুরী ও গ্রাহক অমরেশ চন্দ্র দাশ।
তিন আসামিই পলাতক আছেন।
বিভাগীয় বিশেষ জজ আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী মেজবাহ উদ্দিন চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পরস্পর যোগসাজোশে এক লাখ ৪৮ হাজার টাকা আত্মসাতের অভিযোগ প্রমাণ হওয়ায় আদালত তিন আসামির প্রত্যেককে তিন বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন।
“এছাড়া প্রত্যেক আসামিকে ৪৯ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ডের নির্দেশ দেন।”
আসামিদের স্থাবর-অস্থাবর সম্পত্তি থেকে জরিমানার এই অর্থ আদায় করতে আদালত নির্দেশ দিয়েছে বলে জানান আইনজীবী মেজবাহ উদ্দিন চৌধুরী।
আদালত সূত্র জানায়, ১৯৯৫ সালে ওই অর্থ আত্মসাতের ঘটনা ঘটে।
এ ঘটনায় সেসময়ে দুর্নীতি দমন ব্যুরোর সহকারী পরিদর্শক রইস উদ্দিন বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি মামলা করেন।
তদন্ত শেষে ১৯৯৮ সালের ১২ ফেব্রুয়ারি এ মামলায় আদালতে অভিযোগপত্র দেওয়া হয়।
ছয় সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে বৃহস্পতিবার ওই রায় আসে।
