২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ১০ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ৩

চট্টগ্রামে ১০ হাজার ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2016, 01:41 PM

Updated : 20 Aug 2022, 01:15 PM

বুধবার ভোর রাতে বায়েজিদ বোস্তামি থানার অক্সিজেন শীতল ঝর্ণা এলাকা থেকে একটি মাইক্রোবাসসহ তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার জাহেদ হোসেন মনু (৪৫), আনোয়ারুল ইসলাম (২২) ও আফছার কামাল ওরফে রায়হান (২৬) ‘পেশাদার মাদক বিক্রেতা’ বলে পুলিশের ভাষ্য।

বায়েজিদ থানার ওসি মোহাম্মদ মহসিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গভীর রাতে বায়েজিদ থানা পুলিশের একটি দল অক্সিজেন-কুয়াইশ সংযোগ সড়কে একটি মাইক্রোবাস তল্লাশি করে ওই তিনজনকে আটক করে।

“এ সময় তাদের কাছে থাকা ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।”

ওসি মহসিন বলেন, গ্রেপ্তারকৃতদের বাড়ি কক্সবাজারের বিভিন্ন উপজেলায়। তারা টেকনাফ থেকে ইয়াবা এনে চট্টগ্রামের বিভিন্ন স্থানে সরবারহ করে আসছিল।

তাদের কাছ থেকে ‘বিভিন্ন তথ্য’ পাওয়ার কথা জানিয়ে ওসি বলেন, “অন্য ইয়াবা বিক্রেতাদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।”

এ ঘটনায় পুলিশ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেছে বলে ওসি মহসিন জানান।