২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মাদ্রাসা ও ইংরেজি মাধ্যমে বায়ান্ন-একাত্তরের ইতিহাস পড়ানোর দাবি

মাদ্রাসা ও ইংরেজি মাধ্যমের পাঠ্যক্রমে ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের ইতিহাস অর্ন্তভুক্ত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে সেক্টর কমান্ডার’স ফোরাম।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2016, 08:16 PM

Updated : 11 Oct 2022, 08:31 PM

মঙ্গলবার বিকালে জঙ্গিবাদ, সন্ত্রাসী হামলা ও গুপ্তহত্যার প্রতিবাদে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে সেক্টর কমান্ডারস ফোরাম চট্টগ্রাম মহানগর ও জেলা শাখা আয়োজিত মানববন্ধন ও সমাবেশ থেকে আহ্বান জানানো হয়।

সেক্টর কমান্ডারস ফোরামের কেন্দ্রীয় মহাসচিব হারুন হাবিব বলেন, “এক সময় আমরা ধারণা করতাম শুধু মাদ্রাসায় পড়ুয়ারা জঙ্গি হয়।

“কিন্তু সাম্প্রতিক ঘটনায় আমরা দেখলাম উচ্চবিত্ত পরিবারের ইংরেজি মাধ্যমে পড়ুয়া সন্তানরাও জঙ্গিবাদে জড়াচ্ছে।”

গত ১ জুলাই রাতে রাজধানীর গুলশান ও ৭ জুলাই ঈদের দিন সকালে কিশোরগঞ্জের শোলাকিয়া জঙ্গি হামলায় ২৫ জন নিহত হয়।

এই দুই ঘটনায় হামলাকারী হিসেবে চিহ্নিত বেশিরভাগই ইংরেজি মাধ্যম ও বেসরকারি বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্রছাত্রী। এছাড়া মাদ্রাসা পড়াশুনা করা কয়েকনজনও রয়েছে।

মাদ্রাসা এবং ইংরেজি মাধ্যমের কোনোটাতেই দেশের ইতিহাস-ঐহিত্য সম্পর্কে পড়ানো হয় না বলে উল্লেখ করেন সেক্টর কমান্ডারস ফোরামের কেন্দ্রীয় নেতা হারুন হাবিব।

“মাদ্রাসা ও ইংরেজি মাধ্যমে বায়ান্নর ভাষা আন্দোলন, একাত্তরের মুক্তিযুদ্ধ সম্পর্কে পড়ানো বাধ্যতামূলক করতে হবে। প্রয়োজনে তাদের নিজস্ব কারিকুলামে পরিবর্তন আনতে হবে। সরকারকেই এ কাজ করতে হবে।”

জঙ্গিবাদ শুধু ‘সরকারের সমস্যা না’ মন্তব্য করে এ সমস্যা মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন একুশে পদকপ্রাপ্ত সমাজবিজ্ঞানী ড. অনুপম সেন।

অনুপম সেন বলেন, মানবিক একটা রাষ্ট্রকে বহির্বিশ্বে সন্ত্রাসবাদী রাষ্ট্র হিসেবে পরিচিত করানোর হীন অপচেষ্টা থেকে এ ধরনের জঙ্গিবাদী তৎপরতা চালানো হচ্ছে।

তিনি বলেন, বাঙালির হাজার বছরের সাংস্কৃতিক ও অসাম্প্রদায়িকতার মেলবন্ধনের উপর পাকিস্তানিরা আঘাত হানার চেষ্টা করেছিল, কিন্তু সফল হয়নি।

“নতুন প্রজন্ম দেশপ্রেমের প্রতিজ্ঞায় এ জঙ্গিবাদকে রুখে দাঁড়াবে। এ জঙ্গিবাদ মোকাবেলায় তারুণ্যের শক্তিকে জাগাতে হবে।”

মানববন্ধন পরিচালনা করেন সেক্টর কমান্ডার্স ফোরাম চট্টগ্রাম বিভাগীয় সচিব বেদারুল আলম চৌধুরী বেদার।

সমাবেশে অন্যদের মধ্যে সেক্টর কমান্ডার’স ফোরামের ভাইস-চেয়ারম্যান নুরুল আলম বক্তব্য রাখেন।

সংহতি জানিয়ে বক্তব্য রাখেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহসুদ হাসনি, কাউন্সিলর হাসান মুরাগ বিপ্লব, সাংবাদিক নাজিমুদ্দিন শ্যামল ও সংস্কৃতি কর্মী মিলি চৌধুরী।