নিজামীর ‘জানাজায়’ সংঘর্ষের মামলায় আসলামকে জেলগেইটে জিজ্ঞাসাবাদ
যুদ্ধাপরাধী জামায়াত নেতা মতিউর রহমান নিজামীর গায়েবানা জানাজা ঘিরে সংঘর্ষের ঘটনায় করা এক নাশকতার মামলায় বিএনপি নেতা আসলাম চৌধুরীকে জেল গেইটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছে আদালত।
চট্টগ্রাম মহানগর হাকিম নাজমুল হোসেন চৌধুরী পুলিশের করা রিমান্ডের আবেদন নামঞ্জুর করে মঙ্গলবার এ আদেশ দেন।
চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্ত্তী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চট্টগ্রাম কলেজের প্যারেড মাঠে গায়েবানা জানাজা ঘিরে সংঘর্ষের ঘটনায় করা মামলায় সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়েছিল।
“আদালত রিমান্ডের আবেদন নামঞ্জুর করে তাকে জেল গেইটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছে।”
মামলার তদন্ত কর্মকর্তা চকবাজার থানার এসআই শাহজালাল চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিস্ফোরক আইনের ওই মামলায় আসলাম চৌধুরীকে আগে হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হয়নি। আদালতের নির্দেশ অনুসারে জেল গেইটে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।
গত ১১ মে ফাঁসির দণ্ড কার্যকর হওয়া যুদ্ধাপরাধী মতিউর রহমান নিজামীর জন্য গায়েবানা জানাজা পড়তে গিয়ে ছাত্রলীগ ও পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছিল ইসলামী ছাত্রশিবিরের কর্মীরা।
ওইদিন নগরীর চকবাজার থানার চট্টগ্রাম কলেজের প্যারেড মাঠ সংলগ্ন পশ্চিম ফটক এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এর আগে সোমবার নগরীর কোতোয়ালি থানার নাশকতার অন্য একটি মামলায় আসলাম চৌধুরীর তিন দিনের রিমান্ড মঞ্জুর করে চট্টগ্রামের অন্য একটি আদালত।
২০১৪ সালের জানুয়ারিতে দশম জাতীয় সংসদ নির্বাচনের আগে-পরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নাশকতার ইন্ধন ও অর্থদাতাদের মধ্যে আসলাম চৌধুরী অন্যতম বলে দাবি পুলিশের।
বিএনপিতে যোগ দিয়ে এক দশকের কম সময়ের মধ্যে দলের চট্টগ্রাম উত্তর জেলা কমিটির সাধারণ সম্পাদক হওয়ার পর সম্প্রতি দলটির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হন আসলাম।
চলতি বছর ইসরায়েলের ক্ষমতাসীন লিকুদ পাটির সদস্য মেন্দি এন সাফাদির সঙ্গে একটি ছবি গণমাধ্যমে আসার পর তা নিয়ে আলোচনার মধ্যে গত ১৫ মে ঢাকায় গ্রেপ্তার হন তিনি।
এরপর ইসরায়েলের সঙ্গে মিলে বাংলাদেশে সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলা হয় তার বিরুদ্ধে।
নগরী ও চট্টগ্রাম জেলায় বিভিন্ন সময়ে করা নাশকতার ১৮টি মামলায় আসামি আসলাম চৌধুরী। এছাড়া চট্টগ্রামে ব্যাংক ঋণের অর্থ আত্মসাৎ ও চেক প্রতারণার কয়েকটি মামলাতেও তাকে আসামি করা হয়েছে।
