২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে পুলিশ-ছাত্রলীগের সঙ্গে শিবিরের সংঘর্ষ

ফাঁসির দণ্ড কার্যকর হওয়া যুদ্ধাপরাধী মতিউর রহমান নিজামীর জন্য গায়েবানা জানাজা পড়তে গিয়ে চট্টগ্রামে ছাত্রলীগ ও পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে ইসলামী ছাত্রশিবিরের কর্মীরা।  

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2016, 02:41 PM

Updated : 11 Oct 2022, 08:13 PM

বুধবার বেলা পৌনে ২টার দিকে চট্টগ্রাম কলেজের পশ্চিম ফটক এলাকায় এ সংঘর্ষ হয়। পরে আধা ঘণ্টার মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

ঘটনাস্থল থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিবেদক উত্তম সেনগুপ্ত জানান, জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা দুপুরে চট্টগ্রাম কলেজের পূর্ব ফটকের পাশের চন্দনপুরা সড়কে জোহোরের নামাজ ও নিজামীর গায়েবানা জানাজার জন্য জড়ো হয়।

এ সময় পশ্চিম গেইটে অবস্থান নিয়ে যুদ্ধাপরাধীর জানাজা প্রতিহত ও মানবতাবিরোধী অপরাধের সর্বোচ্চ শাস্তির দাবিতে স্লোগান দিতে থাকেন ছাত্রলীগের কর্মীরা।

উত্তেজনা তৈরি হওয়ায় কলেজের পশ্চিম ও পূর্ব ফটক বন্ধ করে ওই এলাকায় বিপুল সংখ্যক পুলিশ অবস্থান নেয়।

গায়োবানা জানাজা শেষে শিবিরের কিছু নেতাকর্মী কলেজ সংলগ্ন প্যারেড মাঠে ঢুকে পশ্চিম ফটকে অবস্থান নেওয়া ছাত্রলীগ নেতাকর্মী ও পুলিশের দিকে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে।  

ওই ফটক ভেঙে তারা কলেজ চত্বরে চারটি মোটরসাইকেল ভাংচুর করে, যার তিনটি শিক্ষকদের এবং একটি পুলিশের।

এ সময় ছাত্রলীগ নেতাকর্মীরা কিছুটা পিছু হটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ফাঁকা গুলি ছোড়ে পুলিশ। পরে সংগঠিত হয়ে শিবির কর্মীদের ধাওয়া দেয় ছাত্রলীগ।

ছাত্রলীগ ও পুলিশের সঙ্গে শিবির কর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়ার এক পর্যায়ে প্যারেড মাঠে অবস্থান নেয় জামায়াত-শিবির কর্মীরা।

জামায়াতের চট্টগ্রাম মহানগরের আমির আ ন ম শামসুল ইসলামের ইমামতিতে দ্বিতীয় দফা গায়েবানা জানাজা পড়েন দলের নেতাকর্মীরা। পরে সেখান থেকে তারা চলে যান।

একাত্তরে হত্যা, গণহত্যা, ধর্ষণ ও বুদ্ধিজীবী হত্যার দায়ে জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে মঙ্গলবার রাতে। এর প্রতিক্রিয়ায় বৃহস্পতিবারের হরতালের ডাক দেওয়ার পাশাপাশি বুধবার তার জন্য গায়েবানা জানাজার কর্মসূচি রয়েছে জামায়াতে ইসলামীর।