২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রামপালে বিদ্যুৎকেন্দ্র নির্মাণ বন্ধে চট্টগ্রামে সমাবেশ

রামপালে কয়লা বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের বিরুদ্ধে চট্টগ্রামে সমাবেশ করেছে তেল-গ্যাস-কয়লা-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2016, 09:33 PM

Updated : 20 Aug 2022, 01:14 PM

সোমবার নগরীর চেরাগী পাহাড় মোড়ে এ সমাবেশের আয়োজন করে জাতীয় কমিটির চট্টগ্রাম জেলা শাখা।

কমিটির চট্টগ্রাম জেলা শাখার সদস্য সচিব দেলোয়ার মজুমদার বলেন, জনমত উপেক্ষা করে সরকার যে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করছে সেটা সুন্দরবনের প্রাণ-পরিবশে ও প্রকৃতির প্রভূত ক্ষতিসাধন করবে।

এ ধরনের জনবিরোধী সিদ্ধান্ত নিয়ে সরকার মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে অবস্থান নিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

বাসদ চট্টগ্রাম জেলা শাখার নেতা আল কাদেরী জয়ের পরিচালনায় সমাবেশে অন্যদের মধ্যে গণসংহতি আন্দোলনের চট্টগ্রাম অঞ্চরের সমন্বয়ক হাসান মারুফ রুমি, গণমুক্তি ইউনিয়ন চট্টগ্রাম জেলা শাখার সভাপতি রাজা মিয়া, বাসদ (মাক্সবাদী) চট্টগ্রাম জেলার সদস্য সচিব অপু দাশগুপ্ত ও জাতীয় কমিটির নির্বাহী সদস্য রাহাতুল্লাহ জাহিদ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, অতীতের মতই সরকার দেশি-বিদেশি লুটেরাদের স্বার্থে এ চুক্তি করেছে।

বিদ্যুৎ উৎপাদনের বিকল্প আছে, কিন্তু সুন্দরবনের কোনো বিকল্প নেই মন্তব্য করে অবিলম্বে এ চুক্তি বাতিল করার আহ্বান জানান তারা।

অন্যথায় বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দেন তেল-গ্যাস ও বিদ্যুৎ-বন্দর রক্ষা কমিটির নেতারা।

সমাবেশ শেষে একটি মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।