‘শিক্ষা প্রতিষ্ঠানে সাংস্কৃতিক কর্মকাণ্ডের অভাবেই বাড়ছে উগ্রপন্থা’
শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদের মধ্যে উগ্রপন্থা ছড়ানোর পেছনে সুস্থ রাজনীতি, সাংস্কৃতিক ও সৃজনশীল কর্মকাণ্ডের অনুপস্থিতিকে দায়ী করা হয়েছে চট্টগ্রামের এক সভায়।
সোমবার চট্টগ্রাম জেলা প্রশাসনের সভাকক্ষে আয়োজিত ‘জেলা সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটি’র এ সভা হয়।
চট্টগ্রাম জেলা প্রশাসক মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে সভায় অংশগ্রহণকারীরা উগ্রপন্থা থেকে উত্তরণে শিক্ষা প্রতিষ্ঠানে সাংস্কৃতিক ও সৃজনশীলতার চর্চা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনায় অংশ নিয়ে চট্টগ্রাম সরকারি মহিলা কলেজের শিক্ষক জাহিদ মাহমুদ বলেন, “আমাদের অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে কোনো জীবন ঘনিষ্ঠ সাংস্কৃতিক কর্মকাণ্ড নেই। নেই কোনো বিতর্ক ও সৃজনশীল কর্মকাণ্ড।”
এতে করে শিক্ষার্থীরা সামাজিক কোনো দৃষ্টিভঙ্গি অর্জন করছে না মন্তব্য করে তিনি বলেন, “চাকরির বাজারের জন্য নিজেকে প্রস্তুত কর। পড়াশুনা শেষ করে আয় কর আর ভোগ কর- এ নীতিতে চলছে আমাদের শিক্ষার্থীরা।”
শিক্ষক হিসেবে যাদের নিয়োগ দেওয়া হচ্ছে তাদের মধ্যে অনেকের চেতনা জঙ্গিবাদে আচ্ছন্ন বলেও দাবি করেন জাহিদ মাহমুদ।
“শিক্ষকদের সাংস্কৃতিক মান কতটা উঁচু সেটার উপর শিক্ষার্থীদের সাংস্কৃতিক চেতনা কতটা প্রসারিত হবে সেটা নির্ভর করে। আর শিক্ষক হিসেবে যাদের নিয়োগ দেওয়া হচ্ছে তাদের অনেকের মধ্যে উগ্রপন্থি দৃষ্টিভঙ্গি আছে”।
জঙ্গিবাদের ঝুঁকি থেকে উত্তরণে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সুস্থ ছাত্ররাজনীতি, বিতর্ক, সাংস্কৃতিক কর্মকাণ্ড প্রসারের উপর গুরুত্বারোপ করেন তিনি।
আলোচনায় রাঙ্গুনিয়া উপজেলা চেয়ারম্যান আলী শাহ বলেন, “আমাদের সন্তানদের মধ্যে দেশপ্রেম ও মুক্তিযুদ্ধের চেতনার উপস্থিতি দৃঢ় করতে পারলে তাদেরকে এত সহজে জঙ্গিবাদে উদ্বুদ্ধ করা যেত না।
“শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি নেই, খেলাধূলার আয়োজন নেই, নেই নাটক, গানসহ প্রাণবান সাংস্কৃতিক কর্মকাণ্ড। ফলে তাদেরকে সহজে জঙ্গিবাদের দিকে আকৃষ্ট করা যাচ্ছে।”
নগরীর সরকারি কমার্স কলেজের অধ্যক্ষ মো. আইয়ুব মিয়া বলেন, ১৮ থেকে ২৩ বছর বয়সী শিক্ষার্থীদের টার্গেট করে মগজ ধোলাই করা হচ্ছে। বেহেস্তের লোভ দেখিয়ে আত্মঘাতী হতে উৎসাহ দেওয়া হচ্ছে।
ইসলামের অপব্যাখ্যা থেকে শিক্ষার্থীদের রক্ষা করতে তিনি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে সৃজনশীল কর্মকাণ্ডে শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়ানোর ওপর গুরুত্ব দেন।
নোট বই, কোচিং সেন্টারগুলোর কারণে শিক্ষার্থীদের মননশীলতার বিকাশ হচ্ছে না মন্তব্য করে অধ্যক্ষ আইয়ুব বলেন, শিক্ষার্থীদের চিন্তার বিকাশ ঘটাতে নোট বই, গাইড ও কোচিং সেন্টারগুলো বন্ধ করতে হবে।
পাশাপাশি ইংরেজি মাধ্যম স্কুলগুলোতে ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধের ইতিহাস পাঠের পরামর্শও দেন তিনি।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন বলেন, “আমরা খবর পেয়েছি মসজিদগুলোর পরিচালনা কমিটি অনেক সময় ইমামদের বাধ্য করে তাদের মতো করে বক্তব্য রাখতে।
“সেজন্য আমরা খুব শিগগির মসজিদ পরিচালনা কমিটির সাথেও বসব। জঙ্গিবাদ দমনে তাদের করণীয় সম্পর্কে আমরা জানতে চাইব।”
এছাড়াও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পাঠ্যতালিকার বাইরে শিক্ষার্থীদের সৃজনশীল কর্মকাণ্ডে যুক্ত করারও আহ্বান জানান তিনি।
সভায় অন্যদের মধ্যে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, ওলামা লীগের কেন্দ্রীয় সহ-সভাপতি কাজী নুর মোহাম্মদ, সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজের অধ্যক্ষ অঞ্জন নন্দী, চট্টগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ জেসমিন আক্তার ও উন্নয়ন কর্মী জেসমিন সুলতানা পারু উপস্থিত ছিলেন।
