২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এফডিআরের টাকা আত্মসাৎ: আল আরাফাহ’র ব্যবস্থাপক গ্রেপ্তার

প্রতারণা ও ক্ষমতার অপব্যবহার করে অর্থ আত্মসাতের অভিযোগে আল আরাফাহ ইসলামী ব্যাংকের চট্টগ্রাম নগরীর স্টেশন রোড শাখার ব্যবস্থাপক মো. শওকত ইসলামকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। 

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2016, 05:09 PM

Updated : 20 Aug 2022, 01:13 PM

দুদক সমন্বিত জেলা কার্যালয়-২ এর উপ-সহাকারী পরিচালক মোহাম্মদ সফিউল্লাহ জানান, রোববার দুপুরে নগরীর স্টেশন রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, শওকত ইসলাম আল আরাফাহ ইসলামী ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্টের দায়িত্বও পালন করছিলেন। ব্যাংকটির কক্সবাজার শাখার ব্যবস্থাপক থাকার সময় ক্ষমতার অপব্যহার ও জালিয়াতির মাধ্যমে দুটি এফডিআর হিসাবের ১১ লাখ টাকা আত্মসাৎ করেন তিনি।

এ অভিযোগে শনিবার কক্সবাজার সদর থানায় বদিউল আলম নামের একজনের দায়ের মামলায় আয়েশা কনস্ট্রাকশন নামে এক প্রতিষ্ঠানের মালিক হামিদুর রহমানকেও আসামি করা হয়।

ওই মামলার প্রেক্ষিতে রোববার শওকতকে গ্রেপ্তার করা হয় বলে জানান দুদক কর্মকর্তা সফিউল্লাহ।

মামলায় বদিউল অভিযোগ করেন, ব্যবস্থাপক শওকত ইসলাম তার স্ত্রীর দুটি এফডিআর হিসাবের ১১ লাখ টাকা অনুমতি ছাড়া ব্যাংক থেকে ঋণ নেওয়া হামিদুর রহমানের হিসাবের সঙ্গে সম্বন্বয় করে দেন।