হাটহাজারী কলেজ জাতীয়করণের দাবিতে সড়কে শিক্ষার্থীরা
চট্টগ্রামের হাটহাজারী কলেজ জাতীয়করণের দাবিতে চট্টগ্রাম-রাঙামাটি সড়কে নেমে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।
শনিবার বেলা সোয়া ১১টা থেকে ঘণ্টাখানেক হাটহাজারী সদরের ওই সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করে রাখে কলেজটির সহস্রাধিক শিক্ষার্থী।
বিক্ষোভরত কয়েকজন শিক্ষার্থী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সরকার সম্প্রতি দেশের ১৯৯টি কলেজকে জাতীয়করণের ঘোষণা দিয়েছে। সরকারিকরণের জন্য দীর্ঘ দিনের দাবি থাকলেও ঐতিহ্যবাহী হাটহাজারী কলেজকে ওই তালিকায় রাখা হয়নি।
হাটহাজারী থানার ওসি মোহাম্মদ ইসমাইল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শিক্ষার্থীরা কলেজ জাতীয়করণের দাবিতে সড়ক অবরোধ করে মানববন্ধন ও সমাবেশ করে। বিক্ষোভরতদের বুঝিয়ে সোয়া ১২টার দিকে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়।
হাটহাজারী কলেজের অধ্যক্ষ মীর কফিল উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হাটহাজারী কলেজকে সরকারিকরণের দাবি বাস্তবায়নের উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছিলেন স্থানীয় স্থানীয় সাংসদ ও পানিসম্পদমন্ত্রী আনিসুল মাহমুদ।
“কিন্তু সরকার ঘোষিত ১৯৯টি শিক্ষা প্রতিষ্ঠানের তালিকায় হাটহাজারী কলেজকে রাখা হয়নি, এটা দুঃখজনক।”
জাতীয় বিশ্ববিদ্যালয়ের র্যাংকিংয়ে চট্টগ্রাম জেলার কলেজগুলোর মধ্যে সপ্তম, বিভাগে চতুর্দশ ও সারা দেশে ১২৪তম অবস্থানে থাকা হাটহাজারী কলেজে পাঁচ হাজারের বেশি শিক্ষার্থী রয়েছে বলে জানান তিনি।
