জঙ্গিবাদ দমনে সরকার ব্যর্থ: শাহাদাত
সরকার জঙ্গিবাদ দমনে পুরোপুরি ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ডা. শাহাদাত হোসেন।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গুলশান হামলার ঘটনায় নিহতদের স্মরণে শোক শোভাযাত্রার আগে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
নগর বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে নাসিমন ভবন দলীয় কার্যালয় চত্বরে মঙ্গলবার সকালে এ সমাবেশ হয়।
শাহাদাত বলেন, “আমরা আজ একটি ক্রান্তিকাল অতিক্রম করছি। দেশের প্রতিটি মানুষ আতঙ্কগ্রস্ত অসহায় দিনযাপন করছে।
“গণতান্ত্রিক ব্যবস্থা বাধাগ্রস্ত হওয়ায় সন্ত্রাস ও জঙ্গিবাদ মাথা চাড়া দিয়ে উঠেছে। এই সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে।”
সরকারের পক্ষ থেকে বারবার ‘কঠোর নিরাপত্তার’ কথা বলা হলেও সব নিরাপত্তা ভেদ করে উগ্রপন্থীরা একের পর জীবন বিনাশী হামলা চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেন শাহাদাত।
তিনি বলেন, মনে হচ্ছে উগ্রপন্থী অশুভ শক্তি সারা দেশেই তাদের অভয়ারণ্য গড়ে তুলেছে। সন্ত্রাসীরা অভিনব প্রাণঘাতি হামলা করে সারাদেশকে যেন এক গোরস্তানে পরিণত করতে চয়।
সমাবেশে বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম বলেন, অবৈধ সরকার দেশকে একটি বাকশালী রাষ্ট্রে পরিণত করতে চায়।
“দেশের মানুষের নিরাপত্তা নেই। সাধারণ মানুষ স্বাভাবিক জীবনযাপন করতে ব্যর্থ হচ্ছে।”
বন্দর থানা বিএনপির সভাপতি মোহাম্মদ মিয়া ভোলার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আবুল হাশেম বক্কর, বিএনপি নেতা এমএ আজিজ, এসএম সাইফুল আলম, হারুন জামান, শেখ নুরুল্লা বাহার, শফিকুর রহমান স্বপন, শাহ আলম, সামশুল আলম, ফাতেমা বাদশা, হাজী নবাব ও জেলি চৌধুরী।
সমাবেশ থেকে গুলশান হামলায় নিহত দেশিবিদেশি নাগরিক ও পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
পরে একটি শোক শোভাযাত্রা কাজীর দেউড়ি মোড় থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক ঘুরে নুর আহম্মদ সড়কের দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
