চট্টগ্রামে প্রাইভেট কার উল্টে পাকিস্তানি নাগরিক নিহত
চট্টগ্রামে প্রাইভেট কার উল্টে পাকিস্তানের এক নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন চালকসহ তিনজন।
নিহত জহির হাসান খান (৫৩) সীতাকুণ্ডের সানম্যান টেক্সটাইল লিমিটেডের মহাব্যবস্থাপক (জিএম) ছিলেন বলে পুলিশ জানিয়েছে।
রোববার রাত ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছোট দারোগাহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে কুমিরা হাইওয়ে পুলিশের সার্জেন্ট নিজামুল ফাহামি জানান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে প্রাইভেট কারটি রাস্তার পাশে গাছে ধাক্কা লেগে উল্টে যায়। ঘটনাস্থলেই চালকের পাশের আসনে বসা জহির মারা যান।”
দুর্ঘটনায় আহত চালক ও সানম্যান টেক্সটাইলের আরও দুই কর্মকর্তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
আহতদের নাম-পরিচয় জানাতে পারেননি সার্জেন্ট ফাহামি।
