আনন্দের ঈদে জঙ্গিবাদ রোখার প্রত্যয়
আনন্দ আর উৎসাহ-উদ্দীপনার সঙ্গে সন্ত্রাস-জঙ্গিবাদ রুখে দেওয়ার প্রত্যয়ে চট্টগ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল ফিতর।
এক মাসের রোজা শেষে সারাদেশের মতো চট্টগ্রামেও মুসলমানরা বৃহস্পতিবার তাদের বৃহত্তম এ ধর্মীয় উৎসবে মিলিত হয়েছেন।
নগরীর বিভিন্ন ঈদ জামাতে সব দল ও শ্রেণি-পেশার মানুষ নামাজ পড়েছেন এক কাতারে; এক সপ্তাহ আগে হয়ে যাওয়া নারকীয় জঙ্গি হামলার ঘটনায় প্রকাশ করেছেন ক্ষোভ।
সকাল সাড়ে ৮টায় বন্দরনগরীর জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদে চট্টগ্রামের প্রথম ঈদ জামাতে অংশ নেন প্রবাসী ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন, নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী, বিএনপি নেতা আবদুল্লাহ আল নোমান, সাংসদ জিয়া উদ্দিন বাবলু, নগর বিএনপির সাধারণ সম্পাদক ডা. শাহাদাৎ হোসেন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সোলায়মান আলম শেঠসহ বিভিন্ন দলের শীর্ষ নেতারা।
নামাজ শেষে নগরবাসীকে ঈদের শুভেচ্ছা জানান মেয়র আ জ ম নাছির উদ্দিন। তিনি দেশজুড়ে জঙ্গিবাদের উত্থান ও বিকাশ ঠেকাতে নিজ নিজ অবস্থান থেকে সকল নাগরিককে ভূমিকা রাখার আহ্বান জানান।
ঢাকার গুলশানে হলি আর্টিজান বেকারিতে ১ জুলাই ওই হামলায় দেশি-বিদেশি ২০ জন নারী-পুরুষকে গুলি করে ও কুপিয়ে হত্যা করে হামলাকারীরা। বেকারির বাইরে হামলাকারীদের গুলি-বোমায় মারা যান আরও দুই পুলিশ সদস্য। ১২ ঘণ্টা পর কমাণ্ডো অভিযানে হামলাকারী পাঁচজনসহ আরও ছয় ব্যক্তি নিহত হন।
বিএনপি নেতা আব্দুল্লাহ আল নোমান শুভেচ্ছা বক্তব্যে বলেন, দেশে যে পরিস্থিতিতে আজ ঈদ উদযাপিত হচ্ছে তা কাঙ্ক্ষিত হতে পারে না।
সকাল সাড়ে ৯টায় এম এ আজিজ স্টেডিয়ামের প্রশিক্ষণ মাঠে কেন্দ্রীয় ঈদ জামাত কমিটির আয়োজনে ঈদের আরেকটি জামাত হয়। জেলা প্রশাসকসহ উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তারা এখানে নামাজ পড়েন।
নামাজ শেষে একে অপরের সঙ্গে কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময় করেন তারা।
চট্টগ্রাম সিটি করপোরেশনের তত্ত্বাবধানে নগরীর বিভিন্ন ওয়ার্ডে শতাধিক ঈদ জামাত অনুষ্ঠিত হয় বলে করপোরেশনের কর্মকর্তারা জানিয়েছেন।
