২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাড়তি ভাড়া: চট্টগ্রামে ৫ পরিবহনকে জরিমানা

ঈদে ঘরমুখো মানুষের কাছ থেকে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগে পাঁচ পরিবহন কোম্পানিকে ৭৫ হাজার টাকা জরিমানা এবং দুইজনকে কারাদণ্ড দিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2016, 10:27 PM

Updated : 12 Apr 2022, 02:24 AM

মঙ্গলবার নগরীর অলংকার, একে খান গেইট ও বহদ্দারহাট এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফোরকান এলাহী অনুপমের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ সাজা দেয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ফোরকান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়ায় একে খান গেইট এলাকায় জোনাকী, শাহী ও স্টার লাইন পরিবহনকে ২০ হাজার করে ৬০ হাজার এবং হিমালয় পরিবহনকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

একই অভিযোগে অলংকার মোড়ের শতাব্দী পরিবহনকে ১০ হাজার টাকা জরিমানা করার কথাও জানান তিনি।

এসব পরিবহন চট্টগ্রাম থেকে দূরপাল্লার জেলায় যাত্রী পরিবহন করে থাকে।

ম্যাজিস্ট্রেট ফোরকান এলাহী বলেন, অতিরিক্ত ভাড়া আদায় করায় নগরীর বহদ্দারহাট এলাকার বাঁশখালী পরিবহনের কর্মী নুরুল হককে ১৪ দিন এবং অলংকার মোড়ের রোহান পরিবহনের সালাহউদ্দিনকে সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।