২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ঈদ জামাত ও রথযাত্রায় স্বেচ্ছাসেবক দল

সরকারের নির্দেশ অনুসারে চট্টগ্রামের ঈদ জামাত এবং রথযাত্রায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয়ভাবে স্বেচ্ছাসেবক দল গঠনের উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2016, 06:52 PM

Updated : 20 Aug 2022, 01:09 PM

এর অংশ হিসেবে চট্টগ্রামের যেসব এলাকায় ঈদ জামাত ও রথযাত্রা হবে সেখানকার কমিটিকে স্বেচ্ছাসেবক দল গঠন করতে প্রশাসনের পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে বলে মঙ্গলবার জানিয়েছেন জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, স্থানীয়ভাবে গঠিত এ স্বেচ্ছাসেবক দল নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা করবে।

মেজবাহ উদ্দিন বলেন, “ঢাকা থেকে নির্দেশনা আসার পর জেলার সব ইউএনওকে প্রশাসনের পক্ষ থেকে চিঠি দিয়েছি। শহরেও ঈদ জামাত কমিটি এবং যেখানে রথযাত্রা হবে তাদের চিঠি দিয়ে বলা হয়েছে।”

ইউএনওরা স্থানীয়ভাবে ইউপি চেয়ারম্যানদের সঙ্গে যোগাযোগ করে স্বেচ্ছাসেবক দল গঠন করবেন বলে জানান তিনি।

শুক্রবার রাজধানীর গুলশানের ক্যাফেতে সন্ত্রাসী হামলার প্রেক্ষাপটে ঈদ জামাত ও রথযাত্রার সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বেচ্ছাসেবক বাহিনী গঠনে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্দেশ দেয় সরকার।