বন্দর নগরীতে নিরাপত্তা জোরদার
ঢাকার গুলশানে জঙ্গি হামলার পর বন্দরনগরী চট্টগ্রামে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
চেকপোস্ট বাড়ানোর পাশাপাশি নিয়মিত টহল জোরদার এবং সরকারি গুরুত্বপুর্ণ স্থাপনাগুলোসহ বিদেশিদের যাতায়াত আছে এমন স্থানে পুলিশি নিরাপত্তা আগের চেয়ে এখন বেশি দেখা যাচ্ছে।
চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কর্মকর্তারা বলেছেন, ঈদে এমনিতেই নগরীর আবাসিক এলাকা, বাস ও রেল স্টেশনসহ বিভিন্ন এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়।
কিন্তু রাজধানীর গুলশানে সন্ত্রাসী হামলার পর সিএমপি’র পক্ষ থেকে আবাসিক হোটেল, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা (কেপিআই) এলাকায় পুলিশি টহলের পাশাপাশি তল্লাশি জোরদার হয়েছে।
সিএমপি কমিশনার ইকবাল বাহার নিরাপত্তা বাড়ানোর বিষয়টি স্বীকার করে বলেন, “গুরুত্বপুর্ণ আবাসিক হোটেল ও খুলশীর বিভিন্ন আবাসিক এলাকা যেখানে বিদেশিরা বসবাস করেন সেখানে টহল বাড়ানোর পাশাপাশি তল্লাশি জোরদার করা হয়েছে।”
নগরীতে ছোট-বড় মিলিয়ে ৪৭টি (কেপিআই) গুরুত্বপূর্ণ স্থাপনা, এছাড়া ছয়টি আবাসিক হোটেলে নিরাপত্তা বাড়ানোর সাথে পুলিশ ফোর্সের তদারকিও বেড়েছে বলে কয়েকজন কর্মকর্তা জানিয়েছেন।
এর বাইরে বিভিন্ন ধর্মীয় স্থাপনাতেও নিরাপত্তা টহল অব্যাহত রয়েছে।
পোশাকের পুলিশের বাইরে সাদা পোশাকের সদস্যরাও নগরজুড়ে টহল দিচ্ছেন।
