চট্টগ্রামে আবাসিক হোটেল থেকে লাশ উদ্ধার
নগরীর পুরাতন রেল স্টেশন এলাকায় আবাসিক হোটেলের কক্ষ থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
কোতয়ালি থানার পরিদর্শক (তদন্ত) নূর আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার বেলা সাড়ে ৩টার দিকে হোটেল মেট্রো ইন নামে আবাসিক হোটেলের চারতলার একটি কক্ষ থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।
হোটেলের কর্মচারীদের বরাত দিয়ে তিনি বলেন, গত রোববার (২৬ জুন) কবীর হোসেন, জুয়েল ও বাবু নামে তিন ব্যক্তি হোটেলটির চারতলার একটি কক্ষ ভাড়া নিয়ে সেখানে ওঠে।
“তিনজনের কেউই আগের দিনের হোটেলের ভাড়া পরিশোধ না করায় শুক্রবার বেলা ১১টার দিকে এক কর্মচারী খোঁজ নিতে ওই কক্ষে যায় বলে তারা (হোটেল কর্মচারীরা) জানিয়েছে।”
পুলিশ পরিদর্শক নূর বলেন, “কক্ষের দরজায় হোটেলের নির্ধারিত তালার ওপর আরেকটি তালা লাগানো থাকায় তার সন্দেহ হয় এবং এর জানালা খুলে একজনকে বিছানায় পড়ে থাকতে দেখে। তাদের সন্দেহ হলে পুলিশকে খবর দিলে বিকালে লাশটি উদ্ধার করা হয়।’’
লাশের পরিচয় পাওয়া যায়নি উল্লেখ করে পুলিশ কর্মকর্তা নূর বলেন, “নাম উল্লেখ করা তিনজনের কার লাশ হতে পারে- তা আমরা খোঁজ নিচ্ছি।”
তিনি বলেন, “ওই তিনজনই ঢাকা থেকে এসেছে এবং তারা রাজধানীর মৌচাকসহ বিভিন্ন এলাকা থেকে গার্মেন্টস পণ্য এনে চট্টগ্রামে বিক্রি করত বলে জানা গেছে।
“নিহতের গায়ে আঘাতের চিহ্ন রয়েছে। আঘাতের পর শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি।”
ময়নাতদন্তের জন্য লাশটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় কাউকে গ্রেপ্তার বা আটক করা হয়নি বলে জানান পুলিশ কর্মকর্তা নূর আহমেদ।
