২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ভুয়া চিকিৎসককে কারাদণ্ড

ভুয়া নাম ও ডিগ্রী ব্যবহার করে দাঁতের চিকিৎসা করার অপরাধে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় এক যুবককে দুই মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2016, 09:17 PM

Updated : 20 Aug 2022, 01:06 PM

দণ্ডপ্রাপ্ত মো. রেজাউল করিম (২৫) বোয়ালখালীতে চেম্বার খুলে প্রতারণা করলেও তার বাড়ি নোয়াখালী জেলায়।

বুধবার বিকালে উপজেলা সদরে বোয়ালখালীর ইউএনও কাজী মাহবুবুল আলমের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে রেজাউলকে এ দণ্ড দেওয়া হয়।

কাজী মাহবুবুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হাবিবুর রহমান নামে এক ব্যক্তির নাম ব্যবহার করে ‘খান ডেন্টাল কেয়ার’ নামে একটি চেম্বার পরিচালনা করছিল দণ্ডপ্রাপ্ত রেজাউল।

তিনি বলেন, “রেজাউলের কোনো ধরনের ডিগ্রি ও প্রশিক্ষণ না থাকার পরও ভুয়া নাম ব্যবহার করে চিকিৎসা দেওয়ার নামে রোগীদের সাথে প্রতারণা করছিল।”

বিকালে রোগী দেখার সময় অভিযান চালিয়ে রেজাউলকে আটকের পর বিএমডিসি আইন অনুযায়ী দুই মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয় বলে জানান ইউএনও মাহবুবুল।