চট্টগ্রামে হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন
চট্টগ্রামে প্রবাসীর স্ত্রীকে হত্যার ঘটনায় পলাতক দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
মঙ্গলবার চট্টগ্রামের বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক কাজী মোহিতুল হক এনাম চৌধুরী চার বছর আগের এ মামলার রায় ঘোষণা করেন।
দণ্ডাদেশ পাওয়া আসামিরা হলেন- মো. শহিদুল ইসলাম ইলিয়াছ (২৬) ও আব্দুল মানান (২৭)। তারা দুজনই জামিন পাওয়ার পর পালিয়ে যান বলে এ ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. আইয়ুব খান জানান।
আদালত আসামিদের প্রত্যেককে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা করে জরিমানা করেছে বলে জানান তিনি।
আইয়ুব খান জানান, এ মামলায় নিশান ওরফে ইশান নামে ১৬ বছর বয়সী আরেক আসামির বিচার চলছে শিশু আদালতে। ইশানও পলাতক।
মামলার বিবরণে জানা যায়, ২০১২ সালের ১৭ ফেব্রুয়ারি নগরীর বাকলিয়া থানার রসুলবাগ এলাকায় এক প্রবাসীর স্ত্রী খতিজা বেগম বেবীকে বাসায় ঢুকে হত্যার পর মালামাল লুট করা হয়।
ঘটনার দিনই বেবীর ছোট ভাই মো. ইউনূস অজ্ঞাতপরিচয় আসামিদের বিরুদ্ধে বাকলিয়া থানায় মামলা করেন। হত্যাকারীরা বাসা থেকে স্বর্ণালংকার, মোবাইল ফোন ও টাকাসহ প্রায় ৪ লাখ ১০ হাজার টাকার মালামাল লুটে নিয়ে যায় বলে এজাহারে অভিযোগ করেন তিনি।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি আইয়ুব খান জানান, আসামিদের মধ্যে ইলিয়াস ছিলেন বেবীর নির্মাণাধীন ভবনের টাইলস মিস্ত্রি। ওইদিন বেবী ও তার শিশুপুত্র ছাড়া কেউ বাসায় ছিল না। আসামিরা ঘরে ঢুকে বেবীকে জবাই করে হত্যা করে।
২০১২ সালের ২৩ নভেম্বর পুলিশ দুই আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়। মোট ২০ জনের সাক্ষ্য শুনে আদালত মঙ্গলবার রায় ঘোষণা করল।
