চট্টগ্রাম ইপিজেডে তোয়ালে কারখানায় অগ্নিকাণ্ড
চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ এলাকার (সিইপিজেড) একটি তোয়ালে তৈরির কারখানার অগ্নিকাণ্ড হয়েছে।
তাৎক্ষণিকভাবে এতে কারও হতাহতের খবর পাওয়া যায়নি।
ইপিজেড ফায়ার স্টেশনের পরিদর্শক বাহার উদ্দিন জানান, বুধবার রাত সাড়ে ৯টার দিকে সিইপিজেড এর ৭ নম্বর সেক্টরের ২ নম্বর রোডে অবস্থিত জি এফ টেক্সটাইল লিমিটেডের ওই কারখানায় আগুন লাগে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ১০টি গাড়ি নিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে।
অগ্নিকাণ্ড শুরুর প্রায় দুই ঘণ্টা পর রাত ১১টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানান অগ্নিনির্বাপক বাহিনীর এই কর্মকর্তা।
আগ্রাবাদ ফায়ার স্টেশনের সহকারী পরিচালক মোহাম্মদ ইয়াহিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “স্টিলের স্ট্রাকচারে তৈরি কারখানাটির একতলা একটি ভবনে আগুন লাগে। তবে ফায়ার সার্ভিসের আপ্রাণ চেষ্টায় আগুন আশেপাশের ভবনে ছড়ায় নি।
“তবে আগুনে কারখানাটিতে রাখা সুতা এবং তোয়ালে তৈরির বিভিন্ন কাঁচামাল পুড়ে গেছে।”
আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির আর্থিক পরিমাণ তাৎক্ষণিকভাবে নিরুপণ করা যায়নি বলে জানান অগ্নিনির্বাপক কর্মকর্তা ইয়াহিয়া।
