বিশ্ব হাইড্রোগ্রাফিক দিবসে চট্টগ্রামে সেমিনার
ভবিষ্যত প্রজন্মের জন্য সমুদ্রের অপার সম্ভাবনার মেলে ধরতে বেশি করে সমুদ্র বিষয়ক অধ্যয়নের তাগিদ এসেছে এক সেমিনারে।
মঙ্গলবার ‘বিশ্ব হাইড্রোগ্রাফিক দিবস’ উপলক্ষে চট্টগ্রামের পতেঙ্গায় ঈশা খাঁ ঘাটিতে ‘স্কুল অব মেরিটাইম ওয়ারফেয়ার অ্যান্ড টেকটিস’ অডিটোরিয়ামে আয়োজিত এক সেমিনারে এই গুরুত্ব তুলে ধরা হয়।
হাইড্রোগ্রাফির উপর মূল প্রবন্ধে নৌ বাহিনীর হাইড্রোগ্রাফি বিভাগের পরিচালক কমোডর মীর ইমদাদুল হক বলেন, টেকসই উন্নতি ও সমৃদ্ধির জন্য সমুদ্রের অপার সম্ভাবনাকে আবিষ্কার করতে হবে।
জাতিসংঘের যে ‘টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা’ (এসডিজি) নির্ধারণ করেছে সেটা পূরণে সমুদ্রের অর্থনৈতিক সম্ভাবনাগুলোকে কাজে লাগানোর পরামর্শ দেন তিনি।
“শুধুএসডিজি নয় সমুদ্রকে যথার্থভাবে অধ্যয়নের মাধ্যমে ভবিষ্যত প্রজন্মের জন্যও সমুদ্রের এই অপার সম্ভাবনাকে কাজে লাগাতে হবে আমাদের”।
উপকূল ব্যবস্থাপনা (কোস্টাল জোন ম্যানেজমেন্ট), সমুদ্রের নিরাপত্তা (মেরিন সেফটি), নবায়নযোগ্য জ্বালানি (রিনিউয়েবল এনার্জি), সাবমেরিন ক্যাবল লেআউটসহ হাইড্রোগ্রাফির বহুমাত্রিক দিক প্রবন্ধে তুলে ধরেন।
হল্যান্ড থেকে ইস্তাম্বুল পর্যন্ত জলপথে যেভাবে ট্যুরিজম, ট্রেডিং হয় ঠিক সেভাবে বাংলাদেশের উত্তর অংশ ও প্রতিবেশী দেশগুলোর সাথেও জলপথে যোগাযোগ বৃদ্ধি করা যায় বলে অভিমত মীর ইমদাদুল হকের।
সমুদ্র পথে পণ্য পরিবহন, মৎস্য ও খনিজ সম্পদ আহরণ, তেল-গ্যাস অনুসন্ধান, ড্রেজিংয়ে হাইড্রোগ্রাফিক কর্মকাণ্ডের গুরুত্ব দিনদিন বৃদ্ধি পাচ্ছে বলেও জানান তিনি।
তিনি বলেন, এছাড়াও সমুদ্রের পরিবেশ পর্যবেক্ষন, স্থাপনা নির্মাণ, একুয়াকালচার, বায়োমেডিসিন ও ওশনোগ্রাফিক গবেষণায়ও হাইড্রোগ্রাফির গুরুত্ব অপরিসীম।
বাংলাদেশ নৌ বাহিনীর হাইড্রোগ্রাফিক জরিপ চার্ট ও প্রকাশনাসমূহ সারা বিশ্বের নাবিকদের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে বলে অনুষ্ঠানে জানানো হয়।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নৌ বাহিনীর সহকারী প্রধান রিয়ার এডমিরাল মকবুল হোসেন ও চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার রিয়ার এডমিরাল আখতার হাবিব।
