রিমান্ড শেষে জেমএবি সদস্য ফুয়াদ কারাগারে
চট্টগ্রামে একটি হত্যা মামলায় গ্রেপ্তার জেমএবি সদস্য বুলবুল আহমেদ সরকার ওরফে ফুয়াদকে পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদ শেষে কারাগারে পাঠানো হয়েছে।
মঙ্গলবার ফুয়াদকে আদালতে হাজির করার পর মহানগর হাকিম আব্দুল কাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্ত্তী জানান, বাকলিয়া থানার একটি হত্যা মামলায় এই জেএমবি সদস্যকে পাঁচ দিনের রিমান্ডে নিয়েছিল পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
গত বছরের ২৫ মে বাকলিয়া থানার কর্ণফুলী নদীর সৎসঙ্গ আশ্রম ঘাটে অজ্ঞাত একজনের লাশ উদ্ধার করা হয়।
এই ঘটনায় জেএমবি নেতা বুলবুল আহমেদ সরকার ওরফে ফুয়াদ ওরফে আপেল ওরফে মেহেদী ওরফে রকিকে গ্রেপ্তার দেখিয়ে ১৪ জুন রিমান্ড চান মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের পরিদর্শক মো. এহেতাশামুল ইসলাম।
