২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে তিন খুনের ২ ঘটনায় মামলা

চট্টগ্রাম নগরীতে ছুরি মেরে এক পোশাক শ্রমিককে হত্যা এবং দুপক্ষের মধ্যে মারামারিতে দুজনের নিহত হওয়ার ঘটনায় মামলা হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2016, 01:04 PM

Updated : 20 Aug 2022, 01:02 PM

নিহতদের পরিবারের সদস্যরা বাদী হয়ে মঙ্গলবার সকালে নগরীর পাঁচলাইশ ও ডবলমুরিং থানায় মামলা দুটি করেন।

আগের দিন সন্ধ্যায় ডবলমুরিংয়ের পোস্তারপাড়ায় ছুরি মেরে পোশাকশ্রমিক বদিউজ্জামান সাগরকে হত্যা করা হয়। রাতে পাঁচলাইশের হামজারবাগ এলাকায় দুই পক্ষের মারামারির পর মিজানুর রহমান ও মো. ইয়াছিন নামে দুজনের লাশ উদ্ধার করা হয়।

পাঁচলাইশ থানার ওসি মহিউদ্দিন মাহমুদ জানান, ইয়াছিনের বাবা জহির উদ্দিন বাদি হয়ে গ্রেপ্তার সজিব, মহরম, ফারুক হোসেন ও সাগরসহ অজ্ঞাত আরও ১০ থেকে ১২ জনকে আসামি করে মামলা করেছে।

ঘটনার পর সোমবার রাতে চট্ট্রগ্রাম নগর পুলিশের সহকারী কমিশনার (পাঁচলাইশ জোন) আসিফ মহিউদ্দিন জানিয়েছিলেন, হামজারবাগের শান্তিনগর এলাকার করিম ও থাই ফুড কারখানার কর্মচারী সজীবের পক্ষের লোকজনের মধ্যে এই মারামারি হয়।

মারামারির পর ওই এলাকা থেকে যে দুজনের লাশ উদ্ধার করা হয়, তারা দুজন করিমের পক্ষের লোক বলে জানান তিনি।

এ ঘটনায় রাতেই আশপাশের এলকায় অভিযান চালিয়ে সজীবসহ ওই পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।

এদিকে ডবলমুরিংয়ে বদিউজ্জামান সাগরকে হত্যার ঘটনায় তার বাবা বাবুল মিয়া বাদি হয়ে একটি মামলা করেছেন।

ডবলমুরিং থানার এসআই শেখ মোহাম্মদ হোসাইন জানান, পূর্ব শত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে মামলায় অভিযোগ করা হয়।

এতে তিন জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০ থেকে ১৫ জনকে আসামি করা হয়েছে বলেও জানান তিনি।

পুরনো খবর:

চট্টগ্রামে দুই পক্ষের মারামারিতে নিহত ২
চট্টগ্রামে দুর্বৃত্তদের ছুরিতে গার্মেন্টস শ্রমিক নিহত