অর্থ আত্মসাৎ: চট্টগ্রামে ব্যাংক কর্মকর্তার কারাদণ্ড
গ্রাহকের জমা দেওয়া ১০ লাখ টাকা আত্মসাৎ ঘটনার দুই মামলায় রূপালী ব্যাংকের কর্মকর্তাকে ছয় বছরের কারাদণ্ড দিয়েছে চট্টগ্রামের একটি আদালত।
সোমবার চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মীর রুহুল আমিন এ রায় দেন।
দণ্ডিত পূরবী দেবী বড়ুয়া রূপালী ব্যাংক কাজীর দেউড়ি মহিলা শাখার জ্যেষ্ঠ কর্মকর্তা ছিলেন।
আসামি পূরবী দেবী মামলার পর থেকে পলাতক।
আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী মাহমুদুল হক চৌধুরী জানান, আদালত আত্মসাৎ করা অর্থের সমপরিমাণ জরিমানা অনাদায়ে দুই মামলায় আরও ছয় মাস করে কারাদণ্ডের আদেশ দিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “দুই সাজা আলাদাভাবে কার্যকর হবে।”
আদালত সূত্রে জানা গেছে, পূরবী দেবী বড়ুয়া গ্রাহকের জমা দেওয়া মোট ১০ লাখ আট হাজার ৫২০ টাকা আত্মসাৎ করেছেন।
এর মধ্যে এক লাখ ৫৪ টাকা ১৯৯৬ সালে এবং আট লাখ ৫৪ হাজার ৪৬৬ টাকা ১৯৯৭ সালে আত্মসাৎ করেন।
অর্থ আত্মসাতের ঘটনায় দুর্নীতি দমন ব্যুরোর সেসময়ের উপ-সহকারী পরিচালক সিরাজুল হক দুটি মামলা করেন ২০০০ সালে।
তদন্ত শেষে ২০১২ সালের ১৯ জুলাই অভিযোগপত্র দেওয়া হয়। ২০১৩ সালের ১৭ জানুয়ারি অভিযোগ গঠন করে আদালত।
