২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে পাহাড়ে দখল-উচ্ছেদ ঈদের পর

ঈদের পর চট্টগ্রামের বিভিন্ন পাহাড় থেকে ‘দখলদারদের’ উচ্ছেদ করার ঘোষণা দিয়েছেন বিভাগীয় কমিশনার রুহুল আমিন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2016, 04:21 PM

Updated : 11 Oct 2022, 08:24 PM

সোমবার চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ‘পাহাড় ব্যবস্থাপনা কমিটির’ পঞ্চদশ সভায় কমিশনার বলেন, প্রাথমিক পর্যায়ে বসতি স্থাপনকারীদের বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হবে।

“এরপর সিটি করপোরেশন ও জেলা প্রশাসনের সহায়তায় দখলদারদের উচ্ছেদ করা হবে।”  

প্রতিবছর বর্ষার শুরুতে অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হলেও ‘প্রভাবশালীদের সহযোগিতায়’ আবার পাহাড়ের জমি বেদখল হয়ে যায় বলে অভিযোগ তার।

ব্যবস্থাপনা কমিটির এ সভায় চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল জলিল, বাংলাদেশ রেলওয়ের ভূ-সম্পত্তি কর্মকর্তা মো. জসীম উদ্দিন, পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক মকবুল হোসেন, মেট্রো-অঞ্চলের পরিচালক আজাদুর রহমান, সীতাকুণ্ড উপজেলার নির্বাহী কর্মকর্তা নাজমুল ইসলাম ভূঁইয়া, বন বিভাগের কর্মকর্তা মিজানুর রহমানও বক্তব্য দেন।

‘দখলদাররা মারাত্মক প্রভাবশালী’

চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন সভা শেষে নিজের কার্যালয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দখলদারদের বিরুদ্ধে প্রশাসনের অবস্থান ‘অত্যন্ত কঠোর’।

“৩০টি পাহাড়ে দখলদাররা অবৈধভাবে বসতি স্থাপন করেছে। ব্যবস্থাপনা কমিটির সভায় প্রতিবারই মূল দাবি থাকে তাদের পুনর্বাসনের। যদিও নানা প্রতিবন্ধকতায় তা হয়ে ওঠে না।” 

দখলদারদের মধ্যে ‘জনপ্রতিনিধিরাও’ আছেন জানিয়ে তিনি বলেন, “গত বছর একটি গোয়েন্দা সংস্থা পাহাড় দখলদারদের তালিকা প্রস্তুত করে প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠিয়েছে। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে আমাদের কাছে পাঠানো হয়েছে। আমরা সেটি পুলিশকে দিয়েছি।

“সেখানেই দু-একজন মারাত্মক প্রভাবশালী দখলদারের সন্ধান মিলেছে। এদের মধ্যে সাবেক ও বর্তমান জনপ্রতিনিধিও আছেন,” বলেন এ কর্মকর্তা। 

নগরী ও জেলার বিভিন্ন পাহাড়ে এক লাখের বেশি মানুষ অবৈধভাবে বসবাস করছে বলে গণমাধ্যমের খবর। বর্ষা মৌসুমে পাহাড় ধসে প্রাণহানির ঘটনাও ঘটে আসছে নিয়মিত।

এর পেছনে ‘দখলদাররা দায়ী’ বললেও সব পাহাড়ই ‘ঝুঁকিপূর্ণ’ বলতে রাজি নন জেলা প্রশাসক। এর দখল উচ্ছেদে এনজিওগুলোরও দায় আছে বলে মন্তব্য তার।  

“কিছু এনজিও পাহাড়ে বসবাসকারীদের ঋণ দিয়ে থাকে, অনেকে এ সুযোগ নেন। ঋণের এ সুযোগ এবার বন্ধ করা হবে।”

চট্টগ্রামে নতুন করে কোনো পাহাড় দখলের ঘটনা ঘটেনি বলেও জেলা প্রশাসক দাবি করেন।

“যেগুলো আগে দখল হয়েছে সেখানেই বসতি হচ্ছে। নতুন কোথাও কোনো দখল হচ্ছে না।”

‘পাহাড়কাটা’ বন্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালানো হবে বলেও জানান মেজবাহ।

“আগে পাহাড় কাটার অপরাধ মোবাইল কোর্টের আওতায় ছিল না। আড়াই মাস আগে তা মোবাইল কোর্টের আওতায় এসেছে। এখন অপরাধীদের আটক করে তাৎক্ষণিকভাবে জেল দিতে পারব।”

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনারদের (ভূমি) নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।