২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জঙ্গিবাদ ঠেকাতে চাই জাতীয় ঐক্য: মহিউদ্দিন

জঙ্গিবাদ ঠেকাতে জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2016, 10:43 PM

Updated : 20 Aug 2022, 01:01 PM

গুপ্তহত্যার প্রতিবাদে ১৪ দল ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রোববার চট্টগ্রাম প্রেস ক্লাব প্রাঙ্গণে মানববন্ধনে বক্তব্যে এ ঐক্যের ডাক দেন তিনি।

মহিউদ্দিন বলেন, “মুক্তিযুদ্ধের মতো সাম্প্রদায়িকতা, উগ্রবাদ ও জঙ্গিবাদের কবল থেকে বাঙালি জাতিসত্ত্বার সুরক্ষায় জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে।”

একাত্তরে পরাজিত শক্তিই বাংলাদেশকে পেছনে নিতে গুপ্তহত্যা চালাচ্ছে বলে দাবি করেন তিনি।

“জনমনে আতংক ছড়িয়ে দেশের স্থিতিশীলতাকে নষ্ট করার চেষ্টা যারা চালাচ্ছে, তাদের অবশ্যই ধ্বংস হতে হবে।”

এজন্য শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের গণভিত্তিকে শক্তিশালী করতে প্রতিদিনই রাজপথে থাকার জন্য নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান আওয়ামী লীগের এ বর্ষীয়ান নেতা।

মানববন্ধনে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেন,  জঙ্গিবাদ বিশ্ব সভ্যতা ও মানবতার শত্রু।

“গুপ্তহত্যার পৃষ্ঠপোষকরা বাংলাদেশকে পাকিস্তান বানাতে চায়। তাদের স্বপ্নের পাকিস্তানে যেভাবে প্রতিদিন মসজিদে বোমা মেরে মানুষ মারা হয়, তারা বাংলাদেশকে ওরকম একটা দেশে পরিণত করতে চায়।”

মানববন্ধনে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেহ ‍উদ্দিন, জাসদ নেতা ইন্দু নন্দন দত্ত, ন্যাপ নেতা আলী আহমদ নাজির ও ওয়ার্কার্স পার্টির নেতা আবু হানিফ।