‘জনগণের আন্দোলনের ভয়ে জঙ্গি দমনের নামে গণগ্রেপ্তার’
জনগণের আন্দোলনের ভয়ে সরকার জঙ্গি দমনের নামে সারা দেশে ‘গণগ্রেপ্তার’ চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন।
শনিবার চট্টগ্রাম নগরীতে এক সমাবেশে তিনি বলেন, “দেশে এখন কোনো আইনের শাসন ও মানবাধিকার নেই। সরকারের দুঃশাসনে সাধারণ জনগণ অতিষ্ঠ হওয়ায় ইউপি নির্বাচনে সরকার ভোট ডাকাতি, ব্যালট ছিনতাইয়ের মাধ্যমে দলীয় প্রার্থীদেরকে বিজয়ী ঘোষণা করেছে।
“এখন জনগণের মাঠে নামার ভয়ে সরকার দেশব্যাপী জঙ্গি দমনের নামে গণগ্রেপ্তার চালাচ্ছে, যাতে জনগণ সরকারের বিরুদ্ধে কোনো কথা বলতে না পারে।”
বিএনপির কেন্দ্র ঘোষিত ‘গণগ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে’র এই আয়োজন করা হয় নগরীর নাসিমন ভবনে।
এতে দলের চট্টগ্রাম অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন বলেন, “বিএনপি সরকার শায়খ আব্দুর রহমান ও বাংলা ভাইদের ফাঁসি দিয়ে দেশ থেকে জঙ্গিবাদ নির্মূল করেছিল।
“কিন্তু অবৈধ সরকার দেশের জঙ্গি দমনে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। জঙ্গি দমনের নামে দেশব্যাপী ১৪ হাজারের অধিক বিরোধী দলীয় নেতাকর্মীসহ সাধারণ নিরীহ লোকদের গ্রেপ্তার করেছে।”
গ্রেপ্তার, নির্যাতন নিপীড়নের মাধ্যমে সরকার দেশে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছে বলে অভিযোগ মহানগর বিএনপির এই সাধারণ সম্পাদকের।
সরকার হাইকোর্টের নির্দেশ অমান্য করছে অভিযোগ করে শাহাদাত বলেন, “হাইকোর্টের আদেশ অনুসারে ৫৪ ধারায় কাউকে গ্রেপ্তার করতে হলে সুনিদিষ্ট অভিযোগ থাকতে হবে।
“কিন্তু সে আদেশ অমান্য করে সরকার বিরোধী দলীয় নেতাকর্মীসহ সাধারণ মানুষকে গ্রেপ্তার করেছে, যা কোনোভাবেই একটি গণতন্ত্রকামী রাষ্ট্রের জন্য কাম্য নয়।”
‘গণতন্ত্র ও ভোটের অধিকার পুনরুদ্ধারে’ বিএনপির নেতাকর্মীরা জনগণকে সাথে নিয়ে রাজপথে থাকবে বলে ঘোষণা দেন তিনি।
নগর বিএনপির সহ-সভাপতি আবু সুফিয়ানের সভাপতিত্বে সমাবেশে কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম ও বিএনপি নেতা আবুল হাশেম বক্কর উপস্থিত ছিলেন।
এতে অন্যদের মধ্যে বিএনপি নেতা এম এ আজিজ, সাইফুল আলম, হারুন জামান, শেখ নুরুল্লাহ বাহার, শাহ্ আলম, ইস্কান্দর মির্জা, আনোয়ার হোসেন লিপু, ফাতেমা বাদশা, ইয়াছিন চৌধুরী লিটন ও মনোয়ারা বেগম মনি বক্তব্য রাখেন।
