গণগ্রেপ্তারে গণহয়রানি করছে সরকার: আমীর খসরু
‘সাঁড়াশি অভিযানের নামে’ গণগ্রেপ্তার করে সরকার গণহয়রানি করছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরী।
শুক্রবার বিকালে নগরীর মেহেদিবাগের নিজ বাসায় এক প্রস্তুতি সভায় তিনি বলেন, জঙ্গিবাদ নির্মূলের নামে সাঁড়াশি অভিযান করে সরকার গণগ্রেপ্তার করে গণহয়রানি করছে। প্রকৃতপক্ষে তারা বিরোধী দলীয় নেতাকর্মীদের দমনের লক্ষে কাজ করছে।
“এমন কি অনেক নিরীহ লোকজনকেও গ্রেপ্তার করছে। পবিত্র রমজানের দিনেও বিরোধীদলের নেতাকর্মীরা বাসায় থাকতে পারছে না। ঠিক মত ইফতার-সেহেরি করতে পারছে না।”
আওয়ামী লীগ ‘অবৈধ ক্ষমতা’ দখলে রাখার জন্যে প্রশাসনের কিছু অতি উৎসাহী দলীয় কর্মকর্তাদের নগ্নভাবে ব্যবহার করছে বলে অভিযোগ করেন নগর বিএনপি এই সভাপতি।
সারা দেশে উগ্রপন্থিদের হাতে একের পর এক ‘টার্গেট কিলিং’ চলার মধ্যে চট্টগ্রামে পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা আক্তার মিতুকে কুপিয়ে ও গুলি করে খুনের পর গত ১০ জুন ভোর থেকে জঙ্গি দমনে ‘সাঁড়াশি অভিযান’ শুরু করে পুলিশ।
সপ্তাহব্যাপী এ অভিযানে ১১ হাজারের বেশি মানুষকে গ্রেপ্তারের পাশাপাশি সন্দেহভাজন মোট ১৯৪ জঙ্গিকে গ্রেপ্তারের কথা জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
গত দেড় বছরে লেখক, প্রকাশক, অনলাইন অ্যাক্টিভিস্টদের হত্যার পাশাপাশি বিদেশি, হিন্দু পুরোহিত, খ্রিস্টান যাজক, বৌদ্ধ ভিক্ষু আক্রান্ত হওয়ার পর খুন হন ওই পুলিশ কর্মকর্তার স্ত্রী।
প্রায় অর্ধশত হত্যাকাণ্ডের এসব ঘটনায় পুলিশ কয়েকজনকে গ্রেপ্তার করতে পারলেও বেশির ভাগ ঘটনায় অপরাধীরা থেকে গেছে ধরা-ছোঁয়ার বাইরে।
জঙ্গি কায়দায় এসব হত্যা-হামলার বিষয়ে সাবেক মন্ত্রী আমীর খসরু বলেন, সারা দেশে একের পর এক খুনের ঘটনা ঘটে গেলেও সরকার এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করছে পারছে না।
“চট্টগ্রামে পুলিশ সুপারের স্ত্রী হত্যাকারীদের এখনও পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি। দেশ সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। এ অবস্থা থেকে জনগণ মুক্তি চায়।”
আগামী ২৪ জুন চট্টগ্রাম মহানগর বিএনপির আয়োজনে হতে যাওয়া ইফতার মাহফিল ও আলোচনা সভা উপলক্ষে ওই প্রস্তুতি সভা করা হয়।
এতে অন্যদের মধ্যে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, বিএনপি নেতা সামশুল আলম, আবু সুফিয়ান ও আবুল হাসেম বক্কর বক্তব্য রাখেন।
