২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছয় হাজার টাকার লেহেঙ্গায় লাভ ১৩ হাজার

ঈদ সামনে রেখে চট্টগ্রামের একটি মার্কেটে অভিযানে গিয়ে ছয় থেকে সাত হাজার টাকার পোশাক দ্বিগুণের বেশি দামে বিক্রির প্রমাণ পেয়েছে ভ্রাম্যমাণ আদালত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2016, 07:52 PM

Updated : 11 Oct 2022, 08:22 PM

কোনো কোনো ক্ষেত্রে কেনা দামের দ্বিগুণ লাভ করার বিষয়টিও ধরা পড়েছে।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিলুর রহমানের নেতৃত্বে বৃহস্পতিবার নগরীর প্রবর্তক মোড়ে অভিজাত ‘মিমি সুপার মার্কেটে’ ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান হয়।

মার্কেটের ‘ইয়াং লেডি’ নামের একটি দোকানে ছয় থেকে সাত হাজার টাকার কয়েকটি পোশাক সাত থেকে ১৩ হাজার টাকা পর্যন্ত লাভে বিক্রি করা হচ্ছিল বলে তাহমিলুর রহমান জানান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এই দোকানে ‘সারারা’ নামের একটি লেহেঙ্গা সাড়ে ছয় হাজার টাকায় কেনা হলেও সেটা বিক্রি করা হচ্ছিল সাড়ে ১৯ হাজার টাকায়।

একইভাবে ‘ডলার’ নামে ছোটদের একটি পোশাক সাত হাজার টাকায় কেনা হলেও সেটা বিক্রয় মূল্য রাখা হয়েছে ১৪ হাজার ৭৫০ টাকা।

এসময় ‘ইয়াং লেডি’র মালিক মো. নুরুচ্ছফা পোশাকের অতিরিক্ত দাম নেওয়া ঠিক হয়নি বলে স্বীকার করেন।

“আমার ভুল হয়েছে। সংশোধন করে নেব। আজকের মধ্যে আমি দামটা সমন্বয় করে নিব, ওয়াদা করলাম।”

ঈদ পোশাকে এত বেশি লাভ করা অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন মিমি সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি জয়নাল আবেদিন।

তবে ‘আঁচল’ নামের তার দোকানে সাড়ে ৪১ হাজার টাকায় বিক্রি হওয়া শাড়ি কতো টাকায় কেনা হয়েছে তা জানা যায়নি। শাড়িটি কেনার রশিদও দেখাতে পারেননি মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি।

অতিরিক্ত মুনাফা ঠেকাতে এই মার্কেটের আরও বেশ কয়েকটি দোকানে ক্রয়-বিক্রয়ের রশিদ দেখতে চাইলে দোকান মালিকরা তা দেখাতে পারেনি।

আগামী রোববারের মধ্যে পোশাক কেনা-বেচার রশিদ সংগ্রহ করে সংরক্ষণ করার জন্য ব্যবসায়ীদের মৌখিকভাবে নির্দেশ দেন ম্যাজিস্ট্রেট তাহমিলুর।

এরপর থেকে দামে অসামঞ্জস্য পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করে দেন তিনি।

মিমি সুপার মার্কেটের পর আফমি প্লাজা ও স্যানমার ওশেন সিটিতেও অভিযান চালিয়ে ঈদ পোশাকে অতিরিক্ত মুনাফার বিরুদ্ধে ব্যবসায়ীদের সতর্ক করে দেয় ভ্রাম্যমাণ আদালত।