অতিরিক্ত মুনাফা: ‘ফিক্সড প্রাইসের’ দোকানকে সতর্কতা
চট্টগ্রাম নগরীতে প্রথমবারের মত পোশাকের অতিরিক্ত মুনাফার বিরুদ্ধে অভিযানে নেমে দুই থেকে তিনগুণ দাম নেওয়ার প্রমাণ পেয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার নগরীর টেরিবাজারে এ অভিযান চালায় চট্টগ্রাম জেলা প্রশাসন।
টেরিবাজারের মোহাম্মদীয়া শপিংমল দিয়ে এ অভিযান শুরু করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিলুর রহমান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কয়েকটি ফিক্সড প্রাইসের দোকানে আমরা অসামঞ্জস্য পেয়েছি।
“টেরিবাজারের স্টারপ্লাস ও মেগামার্টে কেনা দামের চেয়ে তিনগুণ বেশি লাভে পাঞ্জাবি বিক্রি করতে দেখা গেছে।”
মেগামার্ট ঢাকার উর্দু রোড থেকে এক হাজার টাকা দিয়ে কেনা পাঞ্জাবি সাড়ে তিন হাজার টাকায় বিক্রি করছিল বলে জানান তাহমিলুর।
ভ্রাম্যমাণ আদালত কাপড়ের দোকান স্টারপ্লাসের অতিরিক্ত মুনাফা করার প্রমাণ পেয়েছে জানিয়ে তাহমিলুর বলেন, কাপড়ভেদে দুই থেকে চার হাজার টাকা লাভ করছে স্টারপ্লাস।
নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিলুর বলেন, এদিন নগরীর ফয়েজ লেক এলাকায় মেয়াদ উত্তীর্ণ ও অনুমোদনহীন ওষুধ বিক্রির দায়ে চারজনকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জেলা প্রশাসনের আরেকটি ভ্রাম্যমাণ আদালত বায়েজিদ এলাকার আঁতুরার ডিপো এলাকায় মেয়াদ উত্তীর্ণ ভোগ্যপণ্য বিক্রি করায় পাঁচজনকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করেছে।
অভিযানের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ফোরকান এলাহী অনুপম, নাঈমা ইসলাম ও শেখ নুরুল আলম।
এছাড়া আরেকটি ভ্রাম্যমাণ আদালত পাহাড়তলী কাঁচা বাজারে অভিযান চালিয়ে মূল্য তালিকা না টানানোয় এক সবজি বিক্রেতাকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে।
এ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির রাহমান সানি, ইশতিয়াক আহমদ ও সানজিদা সুলতানা।
