২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে আগুনে পুড়ল আড়াই হাজার মুরগি

চট্টগ্রামের বোয়ালখালীতে একটি মুরগির খামারে আগুন লেগে আড়াই হাজার মুরগি মারা গেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2016, 02:48 PM

Updated : 20 Aug 2022, 12:58 PM

ফায়ার সার্ভিসের বোয়ালখালী স্টেশনের ইনচার্জ প্রণব কান্তি বড়ুয়া জানান, সোমবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার নাজিরখালী এলাকার শাহাদাত হোসেনের মুরগির খামারে আগুন লাগে।

“বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়। প্রায় দুই ঘণ্টার আগুনে খামার ও একটি খড়ের গাদা পুড়ে গেছে। আগুনে খামারে থাকা আড়াই হাজার লেয়ার মুরগি মারা গেছে।”

এ ঘটনায় প্রায় ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি।

তবে মুরগির খামারের মালিক শাহাদাত হোসেনের দাবি, খামারের অবকাঠামো, মুরগির খাঁচা, খাবার ও মুরগি পুড়ে তার ক্ষতির পরিমাণ অন্তত ৩৫ লাখ টাকা।

“যে মুরগিগুলো পুড়েছে সেগুলো ডিম পাড়ত। এগুলো প্রত্যেকটির বাজারদর প্রায় সাতশ টাকা। এর সঙ্গে অবকাঠামো, খাঁচা আর খাবারও পুড়েছে।”

শাহাদাত জানান, অগ্নিকাণ্ডের সময় তিনি তারাবির নামাজ পড়তে গিয়েছিলেন। খামারের দুটি শেডে মোট সাড়ে চার হাজার মুরগি ছিল।

“বড় শেডটি ‍পুড়ে যাওয়ায় সেখানে থাকা আড়াই হাজার লেয়ার মুরগি পুড়ে মারা গেছে।”