২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘সংবাদপত্রের ওপর সরকারের কোনো সেন্সরশিপ নেই’

আগে সংবাদপত্রে সেন্সরশিপ থাকলেও এখন নেই বলে মন্তব্য করেছেন তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা একেএম শামীম চৌধুরী।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2016, 07:39 PM

Updated : 12 Apr 2022, 02:15 AM

সোমবার চট্টগ্রাম প্রেস ক্লাব মিলনায়তনে এ অঞ্চলের সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি।

শামীম চৌধুরী বলেন, “প্রেস সেন্সরশিপ এখন নেই। এখন যা আছে তা নিজস্ব সেন্সরশিপ। আপনার নিজের মাথায় আছে কোনটা সেন্সর করতে হবে, কোনটি হবে না। ”

এক্ষেত্রে সাংবাদিকরা এখন যথেষ্ট দায়িত্বশীল বলেও মনে করেন তিনি।

গণমাধ্যমের স্বাধীনতার সঙ্গে কিছু বিষয় খেয়াল রাখা দরকার মন্তব্য করে শামীম চৌধুরী বলেন, কিছু অপলোক অপসাংবাদিকতা করছে। সাংবাদিকদের অনেকে নৈতিকতা পালন করছেন, আবার অনেকে পালন করছেন না।

সাংবাদিকতার নৈতিকতা বিষয়ে না জানার কারণে অনেকেই এসব পালন করেন না বলেও মনে করেন সরকারের এই প্রধান তথ্য কর্মকর্তা।

বাংলাদেশের সাংবাদিক ও সংবাদপত্র অবশ্যই দায়িত্বশীল উল্লেখ করে তিনি বলেন, “প্রতিদিন ৪০০টির বেশি দৈনিক পত্রিকা বের হয়। কেউ চাইলেই লিখতে পারে। আমি বিশ্বাস করি তারা নিজেদের মতো করে কিছু বানিয়ে লিখেন না।”

সংবাদপত্র বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করবে উল্লেখ করে শামীম চৌধুরী বলেন, সাংবাদিকতা শুধুমাত্র পেশা নয়। এখানে কল্যাণের বিষয় রয়েছে। সমাজসেবার বিষয় রয়েছে। এটিকে আরও কিভাবে বাড়ানো যায় সেদিকে নজর দেওয়া উচিত।

সাংবাদিকদের একটি কাঠামোর মধ্যে আসা উচিত মন্তব্য করে তিনি বলেন, সকল চাকরির ক্ষেত্রে পরীক্ষা থাকে। কিন্তু সাংবাদিকতার ক্ষেত্রে তা সবসময় লাগে না। ফলে কিছু অপলোক সাংবাদিকতায় আসে।

গণমাধ্যমকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ উল্লেখ করে শামীম চৌধুরী বেলন, শুধু পদ্মা ব্রিজ দিয়ে নয়, অনেক দিক দিয়েই বাংলাদেশ এগিয়ে গেছে। প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ রয়েছে। এসব বাস্তবায়ন হলে ২০২১ সালের মধ্যে বাংলাদেশ উচ্চ মধ্যম আয়ের দেশে পৌঁছবে।

দেশের উন্নয়নে দায়িত্বশীল সাংবাদিকতা করা উচিত বলেও মন্তব্য করেন তিনি।

চট্টগ্রাম আঞ্চলিক তথ্য অফিস আয়োজিত মতবিনিময় সভায় চট্টগ্রাম জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও রূপালি ব্যাংকের পরিচালক আবু সুফিয়ান, বর্তমান সভাপতি কলিম সরওয়ার, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী, সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক নাজিমুদ্দিন শ্যামল, সিনিয়র তথ্য অফিসার আজিজুল হক নিউটনসহ অন্যরা বক্তব্য রাখেন।

মতবিনিময় সভায় সাংবাদিক নেতারা কর্মস্থলে সাংবাদিকদের বিভিন্ন সমস্যা তুলে ধরে তা নিরসনে উদ্যোগ নেওয়ার দাবি জানান।