মুড়ি তৈরিতে অপরিশোধিত লবণ, ৩ কারখানার জরিমানা
মুড়ি তৈরিতে অপরিশোধিত লবণ ব্যবহার করায় চট্টগ্রামে তিনটি কারখানাকে দেড় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার দেশের ভোগ্যপণ্যের বৃহত্তম পাইকারি বাজার খাতুনগঞ্জে কারখানাগুলোয় অভিযান চালায় জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিলুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পশুর চামড়া সংরক্ষণে যে লবণ ব্যবহার করা হয়, একই ধরনের লবণে মুড়ি করছিল কারখানা তিনটি।
“মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর লবণ দিয়ে মুড়ি উৎপাদন করায় তিন কারখানাকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়।”
এদিকে নগরীর বহদ্দারহাট কাঁচাবাজারে নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মনসুরে নেতৃত্বে আরেকটি ভ্রাম্যমাণ আদালত মূল্য তালিকা না টাঙ্গানো এবং বেশি দামে সবজি বিক্রি করায় আটটি দোকানকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করে ।
একই অভিযোগে নগরীর আগ্রাবাদে কর্ণফুলি মার্কেট কাঁচাবাজারের ১১টি দোকানকে ৪৯ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফোরকান এলাহী অনুপম।
নগরীর কর্ণেল হাট কাঁচাবাজারেও অতিরিক্ত মুনাফা করার অপরাধে পাঁচ দোকানকে ৩৩ হাজার টাকা জরিমানা করা হয় বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুল ইসলাম।
