২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পণ্য বিক্রিতে অনিয়ম: চট্টগ্রামে ৪ বিক্রেতার জরিমানা

মূল্যতালিকা না টাঙানো ও বেশি দামে পণ্য বিক্রি করায় চট্টগ্রামে কর্ণফুলী কমপ্লেক্স কাঁচাবাজারের চার বিক্রেতাকে জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2016, 05:53 PM

Updated : 20 Aug 2022, 12:55 PM

বুধবার নগরীর ষোলশহর দুই নম্বর গেট এলাকার ওই বাজারে অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মনসুর এবং মো. তৌহিদুল ইসলাম।

জেলা প্রশাসনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আইনানুসারে বিক্রেতাদের জন্য দ্রব্যমূল্যের তালিকা টাঙানো বাধ্যতামূলক হলেও তা না করে অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি করায় চারজন ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৩৮ এবং ৪০ ধারায় জরিমানা করা হয়।

এদের মধ্যে জালাল আহমেদ ও মো. ইলিয়াসকে ১০ হাজার টাকা করে এবং শহীদুল ইসলাম ও মো. শাহজাহানকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়।

এছাড়া বাজারের সব বিক্রেতাকে তাদের মালামাল ক্রয়ের রশিদ সংরক্ষণের নির্দেশ দিয়েছে আদালত।

রমজান মাসে প্রতিদিন চট্টগ্রাম জেলা প্রশাসনের কয়েকটি ভ্রাম্যমাণ আদালত বাজার মনিটরিং করবে।

একই ধরনের অপরাধে মঙ্গলবার রিয়াজউদ্দিন বাজার ও কাজীর দেইড়ী বাজারের কয়েকজন বিক্রেতাকে জেল-জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।

পুরনো খবর:

কাঁচা পণ্যের বাজারে অনিয়মে ৩ বিক্রেতার কারাদণ্ড