কাঁচা পণ্যের বাজারে অনিয়মে ৩ বিক্রেতার কারাদণ্ড
কয়েকটি অনিয়মে চট্টগ্রামে কাঁচা পণ্যের পাইকারি ও খুচরা বিক্রেতাসহ মোট তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার রমজানের প্রথম দিন নগরীর কাঁচা পণ্যের বৃহত্তম পাইকারি রিয়াজউদ্দিন বাজার ও কাজীর দেউড়ি বাজারে জেলা প্রশাসনের বাজার মনিটরিং সেলের ভ্রাম্যমাণ আদালতের এ অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিলুর রহমান নেতৃত্ব দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- কাজীর দেউড়ি বাজারের দুই খুচরা ব্যবসায়ী আলী হোসেন ও মো. সোহাগ। তাদেরকে ১৫ দিন করে কারাদণ্ড দেওয়া হয়।
রিয়াজউদ্দিন বাজারের পাইকারি বিক্রেতা মো. আহমদ নবীকে দেওয়া হয়েছে ২০ দিনের কারাদণ্ড।
এছাড়া একই অপরাধে চারজনকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে জানান তিনি।
এদের মধ্যে রিয়াজউদ্দিন বাজারের আড়ৎদার রুহুল কাদেরকে ৩০ হাজার টাকা ও মো. মমিনকে ১০ হাজার টাকা।
কাজীর দেউড়ি বাজারের দুই খুচরা বিক্রেতা মো. পারভেজ ও রুহুল আমিনকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয় বলে জানান ম্যাজিস্ট্রেট তাহমিলুর।
