বাঙালি জাতিসত্তার শত্রুরাই টার্গেট কিলিংয়ে: মহিউদ্দিন
বাঙালি জাতিসত্তার শক্রুরা পরিকল্পিতভাবে টার্গেট কিলিংয়ের অংশ হিসেবে জঙ্গিদমনে সক্রিয় ভূমিকা রাখা পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রীসহ বিভিন্ন জনকে হত্যা করছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম নগর আওয়ামী লীগ সভাপতি মহিউদ্দিন চৌধুরী।
মঙ্গলবার সকালে ঐতিহাসিক ছয় দফা দিবস উপলক্ষে আয়োজিত এক সভায় তিনি বলেন, “বাঙালি জাতিসত্তার শত্রুরা টার্গেট কিলিং করে মুক্তচিন্তার ব্লগার, শিক্ষক, লেখক, পীর ও সংখ্যালঘু সম্প্রদায়ের ধর্মীয় গুরুদের হত্যা করছে।
“অতি সম্প্রতি জঙ্গিবাদি ঘাঁটি নির্মূলের অগ্রনায়ক শীর্ষ পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারের স্ত্রীকে প্রকাশ্যে পরিকল্পিতভাবে হত্যা করে তারা বাঙালি জাতিসত্তাকেই হুমকি দিয়েছে।”
এই ‘হুমকি’ মোকাবেলায় পাড়া-মহল্লায় জামায়াত-শিবিরের অস্তিত্বের শিকড় উৎপাটনে সক্রিয় ভূমিকা রাখতে তিনি দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
ঐতিহাসিক ছয় দফা দিবস উপলক্ষে চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালায়ের মিলনায়তনে এ আলোচনা সভার আয়োজন করে নগর আওয়ামী লীগ।
মোড়ে ছেলেকে স্কুল বাসে তুলে দিতে যাওয়ার সময় রোববার সকালে নগরীর জিইসি কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয় পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা আক্তার মিতুকে।
ঘটনার দিনই এ হত্যার সাথে জঙ্গিরা জড়িত বলে মন্তব্য করেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
নগর আওয়ামী লীগ সভাপতি মহিউদ্দিন বলেন, “আমাদের আওয়ামী পরিবারের কেউ যদি জামায়াত-শিবির করে তার দায় আমাদেরই নিতে হবে।
“এখন আমাদের ঘরে অনেক মহিলাই ধর্মীয় বাতাবরণে বিভ্রান্ত। জানি না, আমাদের পরিবারের সদস্যরা নৌকায় ভোট দেন কি না। মহিলারা অবশ্যই ধর্মভীরু, কিন্তু লক্ষ্যনীয় তাদের ভোট প্রগতিশীলতার পক্ষে নয়।”
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে মহিউদ্দিন বলেন, একজন আওয়ামী লীগ নেতা বা কর্মীর ঘরে কিভাবে বিএনপি-জামায়াতের অস্তিত্ব থাকতে পারে সেটা ভেবে দেখতে হবে।
নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনা জীবনের ঝুঁকি নিয়ে জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াই করে জাতীয় উন্নয়নে যে ভূমিকা রাখছেন, তা হয়ত আমরা অনুধাবন করতে পারছি না।
“তার ঝঁকিপূর্ণ রাজনৈতিক দায়বদ্ধতায় আমাদেরও অঙ্গীকার নিয়ে পাশে থাকতে হবে। নিজেদের অস্তিত্ব ও প্রয়োজনের তাগিদেই আমাদের সংগঠিত হতে হবে।”
আলোচনা সভায় অন্যদের মধ্যে নগর আওয়ামী লীগের সহ-সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, নঈম উদ্দিন চৌধুরী ও সুনীল সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক বদিউল আলম, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মশিউর রহমান চৌধুরী, আইন বিষয়ক সম্পাদক ইফতেখার সাইমুল চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শফিক আদনান ও নোমান আল মাহমুদ বক্তব্য রাখেন।
