মিতু হত্যায় ব্যবহৃত ‘সেই মোটর সাইকেল’ উদ্ধার
চট্টগ্রামে এসপি বাবুল আক্তারের স্ত্রীকে হত্যায় ব্যবহৃত মোটর সাইকেলটি উদ্ধার করার কথা জানিয়েছে গোয়েন্দা পুলিশ।
নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার (উত্তর) তাহমিনা তাকিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার গভীর রাতে পাঁচলাইশ থানার বাদুড়তলা বড় গ্যারেজ এলাকায় ওই মোটর সাইকেল পাওয়া যায়।
নাম প্রকাশ না করার শর্তে গোয়েন্দা পুলিশের এক কর্মকর্তা জানান, মোটর সাইকেলটি রাস্তার পাশে দাঁড় করিয়ে রাখা ছিল। রাত ২টার দিকে পুলিশ সেটি উদ্ধার করে।
তবে ওই মোটরসাইকেলই যে খুনিরা ব্যবহার করেছিল, সে বিষয়ে পুলিশ কীভাবে নিশ্চিত হল- তা জানা যায়নি।
রোববার সকালে ও আর নিজাম রোডের বাসা থেকে ছেলেকে স্কুল বাসে তুলে দিতে জিইসি মোড়ে যাওয়ার সময় খুন হন এসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা আক্তার মিতু।
আশপাশের বিভিন্ন দোকানের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ বলছে, হত্যাকাণ্ড শেষ করতে খুনিরা সময় নিয়েছে ৪০ থেকে ৫০ সেকেন্ড।
এই খুনের সঙ্গে সাম্প্রতিক বিদেশি, হিন্দু পুরোহিত, খ্রিস্টান যাজকদের হামলার মিল রয়েছে; যেসব ঘটনায় জঙ্গিরাই মূল সন্দেহভাজন।
পুলিশ সুপার হিসেবে পদোন্নতি পেয়ে কিছুদিন আগে ঢাকার পুলিশ সদরদপ্তরে যোগ দেওয়ার আগে গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (এডিসি) হিসেবে চট্টগ্রামে ছিলেন বাবুল আক্তার। সে সময় জঙ্গি দমন অভিযানে সাহসিকতার জন্য প্রশংসিত হন তিনি।
এ কারণে বিভিন্নভাবে হুমকি আসতে থাকায় উদ্বেগে ভুগছিলেন মিতু। ও আর নিজাম রোডের ওই বাসা বদলে ফেলার ইচ্ছার কথাও এক প্রতিবেশীকে বলেছিলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল ও পুলিশ কর্মকর্তারা বলছেন, জঙ্গি দমনে বাবুলের ভূমিকার কারণেই তার স্ত্রীকে এভাবে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন তারা।
বাবুল আক্তার পাঁচলাইশ থানায় একটি মামলা করেছেন, যাতে অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করা হয়েছে।
