চট্টগ্রামে শিক্ষার্থীদের সংবর্ধনা ছাত্র ইউনিয়নের
চট্টগ্রামে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ প্রায় তিন শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে ছাত্র ইউনিয়ন।
শুক্রবার নগরীর স্টুডিও থিয়েটার হলে তাদের এ সংবর্ধনা দেয় ছাত্র ইউনিয়নের চট্টগ্রাম জেলা শাখা।
অনুষ্ঠানে ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি লাকি আক্তার বলেন, শুধুমাত্র সনদ অর্জন নয়, শিক্ষার্থীকে একটি মানবিক সমাজ নির্মাণেও এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে ছাত্র ইউনিয়নের চট্টগ্রাম জেলা শাখা সভাপতি শিমুল কান্তি বৈষ্ণব, দক্ষিণ জেলা সভাপতি সুকান্ত শীল, কক্সবাজার জেলার সভাপতি সৌরভ দেব এবং চট্টগ্রাম প্রযুক্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি অটল ভৌমিক বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, ছাত্র ইউনিয়ন একটি মানবিক সমাজ বিনির্মাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সংগঠনটি তার জন্মলগ্ন থেকে বৈষম্যহীন শিক্ষা ব্যবস্থার দাবিতেও সরব রয়েছে।
চট্টগ্রাম জেলা সাংস্কৃতিক ইউনিয়ন ও রাঙ্গুনিয়া উপজেলা সাংস্কৃতিক ইউনিয়নের গান পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।
