২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে সেলুন কর্মচারী খুন, রেস্তোরাঁয় ম্যানেজারের লাশ

চুল কাটার খরচ নিয়ে ঝগড়ার জেরে চট্টগ্রামে এক সেলুন কর্মচারী খুন হয়েছেন; একটি রেস্তোরাঁয় ঘুমন্ত অবস্থায় কুপিয়ে হত্যা করা হয়েছে সহকারী ম্যানেজারকে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2016, 10:18 AM

Updated : 11 Oct 2022, 08:19 PM

বৃহস্পতিবার গভীর রাতে বন্দরনগরীর আলকরণ ও নিউ মার্কেট এলাকায় এ দুটি হত্যাকাণ্ড ঘটে বলে নগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (দক্ষিণ) শাহ আবদুর রউফ জানান।

আলকরণের ঘটনায় খুন হয়েছেন ওই এলাকার জনি হেয়ার কাটিং সেলুনের কর্মচারী মো. মোমিন (২৫)। পুলিশ সেখানে একজনকে গ্রেপ্তার করেছে।

আর চট্টগ্রাম নিউ মার্কেট মোড়ের হোটেল আল ফয়েজের সহকারী ম্যানেজার মোহাম্মদ রফিক (৫৫) খুন হয়েছেন ওই হোটেলেরই ভেতরে।

আনোয়ার (২০) নামে আরেক কর্মচারীকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করেছে পুলিশ।

কোতোয়ালি থানার এস আই সিরাজুল মোস্তফা জানান, রাত সাড়ে ১০টার দিকে জসিম নামে এক যুবক আলকরণের জনি হেয়ার কাটিং সেলুনে চুল কাটানোর পর টাকা নিয়ে মোমিমের সঙ্গে তার কথা কাটাকাটি হয়।

পরে রাত ১২টার দিকে রাজু নামের এক বন্ধুকে নিয়ে আবার ওই সেলুনে যান জসিম।

“রাজু তখন মোমিনকে কান ধরে উঠবস করতে বাধ্য করেন। এক পর্যায়ে মোমিন ক্ষিপ্ত হয়ে রাজুকে ঘুষি মরেন। এর জের ধরে রাজু সেলুনের ক্ষুর নিয়ে মোমিনের শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন।”

মধ্যরাতের পর মোমিনকে রক্তাক্ত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে এস আই মোস্তফা জানান।

অতিরিক্ত উপ কমিশনার রউফ বলেন, “পুলিশ রাতেই জসিমকে গ্রেপ্তার করেছে। তবে রাজু পলাতক।”

নিউ মার্কেট মোড়ের ঘটনাটি ঘটে রাত ১টা থেকে ৫টার মধ্যে কোনো এক সময়ে। তবে হোটেল আল ফয়েজে ঠিক কী ঘটেছিল, সে বিষয়ে স্পষ্ট কোনো ধারণা পুলিশ দিতে পারেনি।

কর্মচারীরা পুলিশকে বলেছেন, রাতে কাজ শেষে প্রতিদিনের মতো রেস্তোরাঁর ভেতরেই বিছানা ফেলে ঘুমিয়েছিলেন সহকারী ম্যানেজার মোহাম্মদ রফিক।

কর্মচারীদের মধ্যে আনোয়ার ও স্বপন চাকমা (২৫) নামে অন্তত দুইজন রাতে ওই রেস্তোরাঁয় ঘুমাচ্ছিলেন।  

কোতোয়ালি থানার এস আই মোস্তফা জানান, ভোর সাড়ে ৫টার দিকে খবর পেয়ে পুলিশ ওই রেস্তোরাঁয় গিয়ে রফিকের রক্তাক্ত লাশ পায়। আহত আনোয়ারকে পাঠানো হয় হাসপাতালে।  

“দুজনেরই শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। স্বপন নামের যে কর্মচারী রাতে ভেতরে ছিল, তাকে পাওয়া যাচ্ছে না।”

শুক্রবার সকাল পর্যন্ত দুটি ঘটনায় থানায় কোনো মামলা হয়নি।