পটিয়ায় আসামি ধরা নিয়ে সংঘর্ষে আহত ২০
চট্টগ্রামের পটিয়া উপজেলার শোভনদণ্ডী ইউনিয়ন নির্বাচনে বিএনপি ও আওয়ামী লীগ প্রার্থীর সমর্থক এবং পুলিশের মধ্যে ত্রিমুখী সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছে।
বৃহস্পতিবার বিকালে ওই ইউনিয়নের রশিদাবাদ এলাকায় ওই সংঘর্ষ থামাতে পুলিশ শটগানের গুলি ছোড়ে।
আগামী ৪ জুন শোভনদণ্ডী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট হবে।
তবে পটিয়া থানার ওসি রেফায়েত উল্লাহ জানিয়েছেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে পুলিশ আসামি ধরতে গেলে তাদের ওপর হামলা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “নির্বাচনী প্রচারণার সঙ্গে এ ঘটনার কোনো যোগসূত্র নেই। আসামি ধরার অভিযানে যাওয়া পুলিশের ওপর মাইকে ঘোষণা দিয়ে হামলা হয়। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেশকয়েক রাউন্ড গুলি ছোঁড়া হয়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শোভনদণ্ডী ইউনিয়নে বিএনপির চেয়ারম্যানপ্রার্থী শামসুল ইসলামের সমর্থনে গণসংযোগে গিয়েছিলেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও নগর সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন।
বিকালে প্রচারণা তিনি চলে যাওয়ার পর পুলিশ কয়েকজনকে আটক করলে বিএনপিপ্রার্থীর সমর্থকরা পুলিশের ওপর হামলা চালায়।
পরে আওয়ামী লীগের চেয়ারম্যানপ্রার্থী এহছানুল হকের সমর্থকরাও সংঘর্ষে যোগ দেয়। পরে পুলিশ গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। সে সময় স্থানীয় কয়েকজন সাংবাদিকও লাঞ্ছিত হন।
সংঘর্ষে আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
