সাবেক ছাত্রলীগ নেতাকে ‘জামায়াতি’ তকমা এমপি মোস্তাফিজুরের
চট্টগ্রামের বাঁশখালীতে প্রহৃত নির্বাচন কর্মকর্তা জাহিদুল ইসলাম ছাত্রলীগের সাবেক নেতা হলেও তার বিরুদ্ধে জামায়াত সংশ্লিষ্টতার অভিযোগ এনেছেন সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরী ও তার অনুসারীরা।
এই অভিযোগ তুলে জাহিদুলকে অপসারণ চেয়ে বৃহস্পতিবার বাঁশখালীর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে বিক্ষোভ হয়েছে।
উপজেলার বাহাড়ছড়া ইউনিয়নে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী তাজুল ইসলাম এবং সরল ইউনিয়নে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত রশিদ আহমদের অনুসারী দলীয় নেতাকর্মীরা এই বিক্ষোভ করে।
এদের মধ্যে তাজুল সাংসদ মোস্তাফিজুরের এপিএস (রাজনৈতিক) এবং রশিদ সাংসদের চাচা।
রশিদ আহমদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নির্বাচন কর্মকর্তার অপসারণের দাবিতে চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের কর্মী-সমর্থকরা মিছিল করেছে।
“উপজেলা নির্বাচন কর্মকর্তা জামায়াতের ক্যাডার। তার অধীনে কেউ নির্বাচন করবে না। অবিলম্বে তার অপসারণ চাই।”
সাংসদ মোস্তাফিজুর রহমানও এই নির্বাচন কর্মকর্তার বিরুদ্ধে জামায়াত সংশ্লিষ্টতার অভিযোগ তোলেন।
তিনি দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সে দুর্নীতিবাজ, জামায়াতের প্রার্থীদের কাছ থেকে বহু টাকা নিয়েছে।
“সে জামায়াতের আদর্শে বিশ্বাসী।”
তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র জাহিদুল ইসলাম ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত ছিলেন বলে সংগঠনের সাবেক এক নেতা জানিয়েছেন।
২০০২ থেকে ২০০৬ সাল মেয়াদে ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতির দায়িত্ব পালন করা দেলোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জাহিদুল আমার কমিটির সদস্য ছিল। ওর বাড়ি গোপালগঞ্জে, খুব ভালো ছেলে।”
এর আগে গত মাসে ভোট চলাকালে একটি কেন্দ্রের সামনে ‘অস্ত্রসহ’ গ্রেপ্তার চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম রনিকে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে কারাদণ্ড দেওয়া ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধেও জামায়াত সংশ্লিষ্টতার অভিযোগ আনা হয়েছিল।
এদিকে সাংসদ জাহিদুল ইসলামের বিরুদ্ধে জামায়াতের প্রার্থীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ করলেও যে ইউনিয়নে প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং কর্মকর্তা নিয়োগ নিয়ে ঝামেলা সেই বাহারছড়া ইউনিয়নে জামায়াতের কোনো প্রার্থী নেই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের চট্টগ্রাম ব্যুরো প্রতিবেদক মিঠুন চৌধুরী জানান, ওই ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়নে তাজুল ইসলাম নৌকা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতায় আছেন। এছাড়া আওয়ামী লীগ থেকে বিদ্রোহী হিসেবে আরও দুজন এবং বিএনপির একজন প্রার্থী আছেন।
এই ইউনিয়নে ‘ফর্দ অনুযায়ী’ ভোটগ্রহণ কর্মকর্তা নিয়োগ না দেওয়ায় বুধবার সাংসদ মোস্তাফিজুর ও তার লোকজন ইউএনও কার্যালয়ে ডেকে নিয়ে তাকে মারধর করেন বলে অভিযোগ জাহিদুলের।
এপ্রিলে বাঁশখালীর গণ্ডামারায় বিদ্যুৎকেন্দ্র নিয়ে সংঘর্ষে হতাহতের ঘটনার পর আলোচনায় আসেন সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান।
“পাঁচ-ছয়দিন আগে এক রাতে মোবাইলে ফোন করে এমপি ওই তালিকা অনুসরণ না করায় আমাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন। বিষয়টি আমি আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাকে জানাই।”
এর জের ধরেই বুধবার তাকে মারধর করা হয় বলে জানান নির্বাচন কর্মকর্তা জাহিদুল ইসলাম।
ঘটনার বর্ণনায় তিনি বলেন, ওই দিন বেলা ১১টার পর সাংসদের ডাক পেয়ে নিজের অফিসের পাশের ভবনে ইউএনওর কার্যালয়ে যান তিনি।
“আমি ইউএনও সাহেবের কক্ষে প্রবেশ করে দেখি সেখানে এমপি ছাড়া কেউ নেই। তিনি শুরুতে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় একটি গালি দিয়ে বলেন, কথা শুনছ না কেন? বলেই তিনি চড় মারতে শুরু করেন।
“গালি দেওয়ার পর আমি চিৎকার করে বলতে থাকি- আপনি আমাকে গালি দিতে পারেন না। এরপরই বাইরে থেকে দরজা খুলে চার-পাঁচজন ওই কক্ষে ঢুকে পড়ে। তারা সবাই মিলে আমাকে চড়-থাপ্পড় ও কিল-ঘুষি মারতে থাকে। এসময় দরজার বাইরে আরও সন্ত্রাসীরা অবস্থান করছিল।”
ঘটনার কয়েক ঘণ্টা পরেও জাহিদুলের বাম চোখের নিচে, কপালের ডান পাশে এবং পিঠের ডান পাশে মারধরের চিহ্ন দেখা যায়।
তবে তাকে মারধরের অভিযোগ অস্বীকার করে আওয়ামী লীগ নেতা মোস্তাফিজুর রহমান বলেছেন, তিনি শুধু বাঁশখালীর বাইরে থেকে নির্বাচন কর্মকর্তা নিয়োগের কারণ জানতে চেয়েছিলেন।
ওই ঘটনার পর বুধবার বিকালেই উপজেলার ১১ ইউনিয়নে ৪ জুন অনুষ্ঠেয় ভোট স্থগিত ও সাংসদের বিরুদ্ধে মামলা করার ঘোষণা দেয় নির্বাচন কমিশন।
তবে বৃহস্পতিবার বেলা পৌনে ২টা পর্যন্ত এই ঘটনায় বাঁশখালী থানায় কোনো মামলা হয়নি বলে ওসি আলমগীর জানিয়েছেন।
