২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে মোবাইল চুরির অভিযোগে তরুণকে পিটিয়ে হত্যা

চট্টগ্রামে একটি ইটভাটায় মোবাইল ফোন চুরির অভিযোগ তুলে এক তরুণকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2016, 01:26 PM

Updated : 20 Aug 2022, 12:52 PM

নিহত মহিউদ্দিন (২৬) লোহাগাড়া উপজেলার পদুয়া এলাকার নুরুল ইসলামের ছেলে।

বৃহস্পতিবার সকাল ৭টার দিকে স্থানীয় লেয়াকত মেম্বারের মালিকানাধীন পিবিএন ব্রিকফিল্ডে এ ঘটনা ঘটে লোহাগাড়া থানার ওসি মো. শাহজাহান জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “ওই ইটভাটার এক শ্রমিকের একটি মোবাইল ফোন চুরি হয়। মহিউদ্দিন সেটি চুরি করেছে অভিযোগ তুলে তাকে পিটিয়ে মেরে ফেলেছে ইটভাটার শ্রমিকরা।

“মহিউদ্দিন বেকার যুবক; সন্দেহবশত তাকে মারধর করে মেরে ফেলা হয়েছে।”

হত্যার ঘটনায় জড়িত থাকার সন্দেহে ইটভাটার ১৪ জন শ্রমিককে আটক করা হয়েছে বলে জানান ওসি শাহজাহান।

ময়নাতদন্তের জন্য মহিউদ্দিনের লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলেও তিনি জানান।

এর আগে ১৭ মে রাতে সীতাকুণ্ডের শীতলপুরের চৌধুরীঘাটায় মোবাইল ফোন ‍চুরির অভিযোগে ‘আযবাহ ড্রিংকিং ওয়াটার’ নামের কারখানায় আব্দুল মালেককে (৩০) বাড়ি থেকে ডেকে নিয়ে পিটিয়ে হত্যা করা হয়।