সৈকতে পুলিশের উপর ‘মাদক বিক্রেতাদের’ হামলায় মামলা
চট্টগ্রামের পারকী সমুদ্র সৈকতে পুলিশের উপর ‘মাদক বিক্রেতাদের’ হামলার ঘটনায় ২০০ জনকে আসামি করে মামলা হয়েছে।
বুধবার বিকালে কর্ণফুলী থানায় নগর গোয়েন্দা পুলিশের এসআই মাকসুদ বাদী হয়ে মামলাটি করেন।
গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার মোক্তার আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মামলায় পুলিশের উপর হামলার ঘটনায় গ্রেপ্তার দুজনসহ ৫৪ জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাতপরিচয় আসামি ১০০ থেকে ১৫০ জন।
মঙ্গলবার সন্ধ্যায় আনোয়ারা উপজেলার পারকী সমুদ্র সৈকতে মাদক ব্যবসায়ীদের ধরতে অভিযানে যায় গোয়েন্দা পুলিশের একটি দল।
অভিযানে মুন্না ও মান্নান নামে দুই ‘মাদক ব্যবসায়ীকে’ গ্রেপ্তার করার পর ‘স্থানীয়রা’ পুলিশের উপর হামলা চালায়। এতে চার পুলিশ সদস্য আহত হন।
অভিযানে ৪৫২ পিস ইয়াবা উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার দুজনসহ তিনজনকে আসামি করে মাদক আইনে আরেকটি মামলা হয়েছে বলে জানান কর্ণফুলী থানার ওসি রফিকুল ইসলাম।
