২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রেলের চার একর জমি উদ্ধার

চট্টগ্রামের ষোলশহর রেলস্টেশন থেকে দুই নম্বর গেট এলাকা পর্যন্ত রেললাইনের দুই পাশ থেকে প্রায় একশ অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে রেলওয়ে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2016, 03:56 PM

Updated : 11 Oct 2022, 08:18 PM

মঙ্গলবার সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত এ অভিযানে রেলওয়ে পূর্বাঞ্চলের প্রায় চার একর জমি উদ্ধার করা হয়।

পূর্ব রেলের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা ইসরাত রেজা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রেললাইনের দুই পাশের খালি জায়গা দখল করে দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছিল অবৈধ দখলদাররা।

“কেউ কেউ সেখানে আধা-পাকা এবং পাকা স্থাপনাও করেছিল। সব জায়গা উদ্ধার করা হয়েছে।”

অভিযানে অংশ নেওয়া চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির রহমান বলেন, অভিযানে দখলদারদের পক্ষ থেকে কোনো বাধা আসেনি।

অভিযানে বিপুল সংখ্যক পুলিশ ও রেলওয়ে পুলিশের সদস্যরা অংশ নেন।

গত ১৬ মে ষোলশহর রেলক্রসিংয়ে তেলবাহী একটি ট্রেনের সঙ্গে দাঁড়িয়ে থাকা বিআরটিসি বাসের সংঘর্ষে দুই নারী নিহত হন।

ওই ক্রসিং থেকে ষোলশহর স্টেশন পর্যন্ত অংশে রেললাইনের দুই পাশে অবৈধ স্থাপনা গড়ে তুলেছিল দখলদাররা।

রেল কর্মকর্তা ইসরাত রেজা বলেন, “উদ্ধার হওয়া জমির মূল্য প্রায় ২০ কোটি টাকা।”

গত আট মাসে পূর্ব রেলের অভিযানে দখলে থাকা প্রায় ২৭ একর জমি উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।