ঋণ জালিয়াতি: চট্টগ্রামে ব্যাংক এশিয়ার দুই কর্মকর্তা গ্রেপ্তার
প্রতারণা করে ব্যাংক থেকে অর্থ আত্মসাতে সহযোগিতা করায় একটি বেসরকারি ব্যাংকের চট্টগ্রামের দুই কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক) ।
গ্রেপ্তার মোহাম্মদ হোসেনুজ্জামান (৪৯) ব্যাংক এশিয়া লিমিটেডের সিডিএ অ্যাভিনিউ ও মোহাম্মদ মিজানুর রহমান (৪৩) ভাটিয়ারি শাখার প্রধান।
দুদকের উপ-সহকারী পরিচালক সাধন সুত্রধর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমমে জানান, ২০১০ সালের ১৪ মার্চ থেকে ২০১৪ সালের ১২ ফেব্রুয়ারি পর্যন্ত গিয়াসউদ্দিন কুসুম নামে এক ব্যবসায়ী তার দুটি প্রতিষ্ঠানের নামে এলসির মাধ্যমে ওই ব্যাংকের ভাটিয়ারি শাখা থেকে ৭৪ কোটি ৮৩ লাখ ২৬ হাজার ৩৯৪ টাকা ৮০ পয়সা ঋণ গ্রহণ করে আত্মসাৎ করেন।
কুসুমের দুটি প্রতিষ্ঠান হলো শাহ আমানত আয়রন ও আল মদিনা এন্টারপ্রাইজ।
হোসেনুজ্জামান ওই সময়ে ভাটিয়ারি শাখার প্রধান ও মিজানুর রহমান ম্যানেজার অপারেশনসের দায়িত্বে ছিলেন।
দুদক কর্মকর্তা সাধন জানান, অবৈধভাবে ঋণ নিতে সহযোগিতা করায় গিয়াসউদ্দিন, হোসেনুজ্জামান ও মিজানুরসহ সাত জনকে আসামি করে মামলা করেন দুদকের সহকারী পরিচালক এম এইচ রহমতুল্লাহ।
গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
