ডেমুর ধাক্কায় টেম্পু চুরমার
চট্টগ্রাম নগরীতে একটি লেভেল ক্রসিংয়ে ডেমু ট্রেনের ধাক্কায় একটি টেম্পু চুরমার হয়ে আহত হয়েছেন দুজন।
রোববার বেলা সাড়ে ৩টার দিকে চট্টগ্রাম সেনানিবাস সংলগ্ন বড় দিঘীর পাড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।
আহতরা হলেন টেম্পুচালক তোতা মিয়া (২৫) এবং আরোহী মো. ইমরান (২৫)।তারা পণ্য পরিবহনের কাজ করছিলেন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
চমেক পুলিশ ফাঁড়ির নায়েক মো. জাহাঙ্গীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুর্ঘটনায় আহত দুজন এই হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
আহতদের মধ্যে তোতা মিয়ার মাথায় গুরুতর জখম আছে। ইমরানের মাথা আর শরীরে হালকা আঘাতের জখম রয়েছে।
ডেমু ট্রেনটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের আনা-নেওয়ায় ব্যবহৃত হয়।
ষোলশহর রেল স্টেশন মাস্টার মো. সাহাবুদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ক্যাম্পাস ছেড়ে আসা ট্রেনটি ক্যান্টনমেন্ট স্টেশনের কাছাকাছি ভাটিয়ারি থেকে বড় দিঘীর পাড়ে যাওয়ার রাস্তায় এলে রেললাইনের উপর থাকা একটি টেম্পুকে ধাক্কা দেয়।
দুর্ঘটনায় শিক্ষার্থীদের কেউ আহত না হলেও টেম্পুটি দুমড়ে-মুচড়ে যায় বলে জানান তিনি।
ওই লেভেল ক্রসিংয়ে কোনো ফটক নেই।
স্থানীয়রা টেম্পুটি রেললাইনের উপর থেকে সরিয়ে নিলে মিনিট দশেকের মধ্যে ট্রেন চলাচল স্বাভাবিক হয়ে যায় বলে স্টেশন মাস্টার জানান।
ট্রেনে থাকা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী কামরুন নাহার সানজিদা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ট্রেনটি ক্যান্টনমেন্ট স্টেশনের কাছাকাছি পৌঁছলে হঠাৎ করে একটা বিকট শব্দ শুনি। আতংকিত শিক্ষার্থীদের অনেকে ট্রেন থেকে নেমেও পড়ে।”
ট্রেনটি থেমে গেলে শিক্ষার্থী আর স্থানীয়রা মিলে টেম্পুর চালককে বের করে এনে টেম্পুটিকে রেললাইন থেকে সরিয়ে নেয় বলে জানান তিনি।
