২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ভোটের আগে দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ১০

চট্টগ্রামের কর্ণফুলীতে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে নারীসহ অন্তত ১০ জন আহত হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2016, 07:56 PM

Updated : 20 Aug 2022, 12:48 PM

পুলিশ বলছে, এসময় এক পক্ষের হামলায় এক অন্তঃসত্ত্বা নারীর গর্ভপাত ঘটেছে। ওই নারীসহ নয় জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কর্ণফুলী থানার ওসি রফিকুল ইসলাম জানান, ইউপি নির্বাচনের পঞ্চম দফা ভোটের আগের দিন শুক্রবার দুপুরে কর্ণফুলী থানার শাহ মিরপুর ইউনিয়নের বড় উঠান এলাকায় এ সংঘর্ষ হয়।

আহতরা হলেন- অন্তঃসত্ত্বা ফাতেমা বেগম (২৬), এমরান (২৪), আরিফুল (১৭), রহিমা বেগম (২৬), জোহরা বেগম (৫৫), আয়শা বেগম (৪৩), লাকী আক্তার (১৬), নুরজাহান (২৮) ও মো. শাহজাহান (২৬)।

স্থানীয়রা জানান, দুপুরে জুমার নামাযের পর শাহ মিরপুর ইউনিয়নের বড় উঠান এলাকায় আওয়ামী লীগ প্রার্থী মো. দিদারুল আলমের সমর্থকদের ওপর আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. শাহজাহানের লোকজন হামলা চালালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।

ওসি রফিকুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শাহজাহানের ছোট ভাই মো. ইলিয়াছ এলাকায় মেম্বার প্রার্থী হিসেবে নির্বাচন করছেন।

বৃহস্পতিবার রাতে ওই এলাকায় ইলিয়াছের কয়েকটি পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছে অভিযোগ তুলে দুপুরে নামায়ের আগে ইলিয়াছের পক্ষের লোকজন সেখানে গালাগাল করে এবং নামায শেষে পুনরায় উত্তেজিত হয়ে কয়েকজনকে মারধর শুরু করে।

ওসি আরও বলেন, হামলাকারীরা মারধর করার সময় ফাতেমা তাদের ‍উদ্ধার করতে যায়। এসময় হামলাকারীদের একজন ফাতেমার পেটে লাথ মারলে তার গর্ভপাত হয়।

এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কাউকে আটক করা যায়নি বলে জানান পুলিশ কর্মকর্তা রফিকুল।