চট্টগ্রামে হত্যা মামলায় দুই ভাইয়ের যাবজ্জীবন
চট্টগ্রামের সাতকানিয়ায় এক দোকান কর্মচারীকে হত্যার ঘটনায় দুই ভাইকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
চট্টগ্রাম বিভাগীয় জন নিরাপত্তা ট্রাইব্যুনালের বিশেষ জজ সৈয়দা হোসনে আরা মঙ্গলবার এ রায় দেন।
যাবজ্জীবনের দুই আসামি হলেন- রেজাউল করিম লিটন ও তার ভাই মফিজুল ইসলাম ফারুক। এদের মধ্যে ফারুক কারাগারে থাকলেও অন্যজন পলাতক।
জন নিরাপত্তা ট্রাইব্যুনালের বিশেষ পিপি জাহাঙ্গীর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত ২৪ জনের সাক্ষ্য শুনে দণ্ডবিধির ৩০২ ধারায় তাদের যাবজ্জীবন দণ্ডাদেশ দিয়েছেন।”
সেইসঙ্গে বিচারক তাদের ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও দুই বছর করে কারদণ্ডের আদেশ দিয়েছেন।
এছাড়া অভিযোগে সংশ্লিষ্টতা প্রমাণিত না হওয়ায় আজাদুল আলম ও আবুল কালাম নামে দুই আসামিকে খালাস দেওয়া হয়েছে বলে আইনজীবী জাহাঙ্গীর জানান।
মামলার বিবরণে জানা গেছে, লিটন ও ফারুকের মালিকানাধীন একটি কাপড়ের দোকান রয়েছে চট্টগ্রামের সাতকানিয়ায়। পুরনো ঝগড়ার জের ধরে ২০০৫ সালের ১ নভেম্বর রাতে সেহেরির সময় ওই দোকানের ভেতরেই তারা তাদের কর্মচারী হাফেজ দিদারুল আলমকে খুন করে। পরে ‘সেহেরির খাবার খেয়ে অতিরিক্ত বমিতে দিদারের মৃত্যু হয়েছে’ বলে তারা প্রচার করে।
দিদারের বাবা মাহমুদুর রহমান এ ঘটনা পুলিশেকে জানালে লাশ উদ্ধার করে ময়নাতদন্ত হয়; সেখানেই হত্যার বিষয়টি উঠে আসে।
এ ঘটনায় করা হত্যা মালায় পুলিশ ২০০৯ সালের ২ জুন চারজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়।
দুইপক্ষের ২৪ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত মঙ্গলবার রায় ঘোষণা করল।
