আশ্রয় কেন্দ্রে ত্রাণ গেল ‘তৃতীয় দিনে’
ঘূর্ণিঝড় রোয়ানুর আঘাতে বাঁশখালী ও আনোয়ারা উপজেলার ক্ষতিগ্রস্ত শতাধিক পরিবার অবশেষে দেখা পেয়েছেন সরকারি ত্রাণের।
তবে ত্রাণ নয়, ক্ষতিগ্রস্ত এসব মানুষের চাওয়া উপকূলীয় এলাকায় স্থায়ী বাঁধ।
সোমবার বাঁশখালীর খানখানাবাদ এবং আনোয়ারার গহিরা ও রায়পুরা ইউনিয়ন ঘুরে ঝড়ে ঘরহারা মানুষের সঙ্গে কথা বলেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক।
শনিবারের ওই ঘূর্ণিঝড়ে দুই উপজেলার মধ্যে বেশি ক্ষতি হয়েছে বাঁশখালীর খানখানাবাদ ইউনিয়ন।
ঝড়ের প্রভাবে সৃষ্ট জলোচ্ছ্বাসে চট্টগ্রামের এ ইউনিয়নে ভেসে গিয়ে মারা গেছে ছয় জন; যেখানে মৌসুমের প্রথম এই প্রাকৃতিক দুর্যোগে সাত জেলায় প্রাণ গেছে ২৪ জনের।
খানখানাবাদের প্রেমাশিয়া গ্রাম একেবারে সাগর উপকূলে। বাসিন্দাদের কেউ মাছ ধরার আবার কেউ দিন মজুর পেশায় যুক্ত।
ইউনিয়নের চেয়ারম্যান আবু সিদ্দিক আবু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দক্ষিণ প্রেমাশিয়ার ৩ নম্বর, উত্তর প্রেমাশিয়ার ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের পশ্চিম রায়ছটা, শেখ মোহাম্মদ পাড়া ও ফকির পাড়া এলাকায় ক্ষতি হয়েছে সবচেয়ে বেশি।
এসব এলাকায় অধিকাংশ বাড়িঘর পানিতে ভেঙে গেছে জানিয়ে ইউনিয়ন চেয়ারম্যান বলেন, খানখানাবাদ ইউনিয়নে মোট ছয় হাজার ৭৯৫টি ঘর। এর মধ্যে দুই হাজার ভেঙে পানিতে বিলীন হয়ে গেছে।
মৌলভী পাড়ার বাসিন্দা নুরুন্নবী, আব্দুর সবুরসহ বেশ কয়েকজনের সঙ্গে কথা হয় প্রেমাশিয়া বাজারে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তারা বলেন, বেড়িবাঁধের সঙ্গে লাগোয়া এলাকাটির তিনটি পাকা বাড়ি ছাড়া সব ঘর নিশ্চিহ্ন হয়ে গেছে।
তারা জানান, বেড়িবাঁধটি দীর্ঘদিন ভঙ্গুর অবস্থায় ছিল। বিভিন্ন সময়ে মাটি আর বালি দিয়ে জোড়াতালি দিয়ে ঠিক করা হলেও স্থায়ী সংস্কার হয়নি।
ঘূর্ণিঝড়ে বাঁধ ভেঙে পানি ঢুকে পুরো এলাকা তলিয়ে গেলেও আশ্রয়কেন্দ্রে অবস্থান নেওয়া কেউ সোমবারের আগে ত্রাণ পায়নি বলে অভিযোগ পাওয়া গেছে।
তারা জানিয়েছেন, সোমবার ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া যাওয়ার পর তাদের চিড়া, মুড়ি গুড়সহ কিছু শুকনা খাবার দেওয়া হয়েছে।
চেয়ারম্যান সিদ্দিক বলেন, ইউনিয়নের ১৩ কিলোমিটার বাঁধের মধ্যে আট কিলোমিটার আগে থেকেই ভাঙা ছিল।
মন্ত্রী মায়াও রোববার চট্টগ্রামে এক ব্রিফিংয়ে উপকূলীয় উপজেলায় ক্ষতির কারণ হিসেবে দুর্বল বাঁধকেই দায়ী করেন।
খানখানাবাদ ইউনিয়নের শেখ মোহাম্মদ পাড়ার বাসিন্দা সুমন দাশ জানান, তাদের বাড়ির ১৮টি ঘরের মধ্যে ছয়টি ঘর পানিতে বিলীন হয়ে গেছে, বাকি সব ঘরে পানি ঢুকেছে।
সরেজমিনে দেখা যায়, ঝড়ের পর এলাকার ভিটা থেকে পানি নামলেও চাষাবাদের জমি ডুবে আছে। বিভিন্ন পুকুর ও বিলে ভেসে উঠেছে মরা মাছ।
আনোয়ারা উপজেলার গহিরা ও রায়পুরা ইউনিয়নেও দেখা গেছে প্রায় একই চিত্র। সোমবার ত্রাণ পেয়েছেন সেখানকার ক্ষতিগ্রস্তরাও।
গহিরার মালিপাড়া গ্রামের বাসিন্দা সুলতান আহমেদ, মাছ ধরার ট্রলারে কাজ করেন তিনি।
সুলতানের ছেলে মো. নুরহান (১২) জানায়, ঘুর্ণিঝড় রোয়ানুতে তাদেরসহ শতাধিক বাড়ি পানিতে বিলীন হয়ে গেছে। তারা আশ্রয় কেন্দ্রে থাকলেও ত্রাণ পায়নি।
গহিরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চৌকিদার মো. জাহেদ জানান, তাদের ওয়ার্ডের ৩৮৫টি ঘরের মধ্যে প্রায় ২৫০টি ভেঙে গেছে।
ক্ষতিগ্রস্তরা তাদের স্বজনদের পাঠানো খাবার দিয়েই দিন পার করেছেন। সোমবার পরিবারপ্রতি এক হাজার টাকা ও ২০ কেজি করে চাল বিতরণ করা হয়।
