২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ‘জমির বিরোধে’ ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ

জমি নিয়ে বিরোধের জের ধরে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় এক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2016, 12:25 PM

Updated : 20 Aug 2022, 12:47 PM

নিহত রফিক আহমদ (৫৮)উপজেলার আমিরাবাদ ইউনিয়নের মৃত হাজী বাচা মিয়া মুন্সির ছেলে।

রোববার গভীর রাতে বাড়ি ফেরার পথে বাচা মুন্সির বাড়ি এলাকায় প্রতিবেশী ফরিদ আলম ও তার সাঙ্গপাঙ্গরা রফিককে পিটিয়ে হত্যা করে বলে নিহতের স্ত্রীর বড় ভাই খোরশেদ আলম অভিযোগ করেছেন।

“ফরিদ আলমের পরিবারের সঙ্গে রফিকের জমি নিয়ে বিরোধ ছিল। গতরাতে স্থানীয় মসজিদ থেকে শবে বরাতের নামাজ পড়ে তিনি বাড়ি ফিরছিলেন। এসময় ফরিদ আলমের লোকজন তাকে বেধড়ক মারধর করে।”

আহত রফিককে তাৎক্ষণিকভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে খোরশেদ জানান।

লোহাগাড়া থানার ওসি মো. শাহজাহান বলেন, রফিকের মৃতদেহ উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

“ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর বিষয়ে জানা যাবে। এরপর পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।”