২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঝড়ের পর চট্টগ্রাম বন্দর, বিমানবন্দরে কাজ শুরু

ঘূর্ণিঝড় রোয়ানুর প্রভাবে বিরূপ আবহাওয়ার কারণে একদিন বন্ধ থাকার পর চট্টগ্রাম বন্দর এবং শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2016, 09:19 AM

Updated : 20 Aug 2022, 12:46 PM

চট্টগ্রাম সমুদ্রবন্দরের সদস্য (প্রশাসন) জাফর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার সকাল থেকে পণ্য খালাসসহ বন্দরের স্বাভাবিক কার্যক্রম শুরু করেছেন তারা।

শাহ আমানতেও সকাল থেকে সব ধরনের ‘অপারেশনাল কার্যক্রম’ শুরু হয় বলে বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমাণ্ডার রিয়াজুল কবির জানান।

তিনি বলেন, ঢাকা থেকে আসা ইউএস বাংলার একটি উড়োজাহাজ সকাল ৮টা ১১ মিনিটে শাহ আমানতে নামে।

Image
ঘূর্ণিঝড় ‘রোয়ানু’ চট্টগ্রাম উপকূল অতিক্রম করার সময় পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকার চিত্র। ছবি: সুমন বাবু

ঘূর্ণিঝড় ‘রোয়ানু’ চট্টগ্রাম উপকূল অতিক্রম করার সময় পতেঙ্গা সমুদ্র সৈকত এলাকার চিত্র। ছবি: সুমন বাবু

ঘূর্ণিঝড় রোয়ানু উপকূলের দিকে এগিয়ে আসায় শুক্রবার চট্টগ্রাম বন্দরের পণ্য খালাস কার্যক্রম বন্ধ হয়ে যায়। বন্দরকে ৭ নম্বর বিপদ সংকেত দেখাতে বলে আবহাওয়া অধিদপ্তর।  

শনিবার সকাল থেকে বৃষ্টির সঙ্গে ঝড়ো হাওয়া শুরু হলে সকাল সাড়ে ১০টা থেকে শাহ আমানত বিমানবন্দরের সব অপারেশনাল কার্যক্রমও বন্ধ করে দেওয়া হয়।

শনিবার দুপুরে রোয়ানু চট্টগ্রাম উপকূল অতিক্রম করে বিকাল নাগাদ বাংলাদেশ পেরিয়ে যায়। এরই মধ্যে বৃষ্টি ঝরিয়ে দুর্বল হয়ে পড়ে এই ঘূর্ণিঝড়, পরিণত হয় স্থল নিম্নচাপে।  

এরই মধ্যে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে উপকূলীয় সাত জেলায় ২৪ জনের মৃত্যু হয়। এর মধ্যে কেবর চট্টগ্রামেই মারা যান ১২ জন।

রোয়ানুর আঘাতে নগরীর বিভিন্ন স্থানে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। জলোচ্ছ্বাসে বেড়িবাঁধ ভেঙে চার উপজেলায় ১৫০ কোটি টাকার ফসল এবং মৎস্য ও পশুসম্পদের ক্ষতি হয়েছে বলে জেলা প্রশাসনের ভাষ্য।